দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যেও শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। করোনার তৃতীয় ঢেউ স্বাগত জানাচ্ছে বিশ্বকে, তার মধ্যেও টোকিও দেখাল তারা সবদিক থেকে প্রস্তুত এই মেগা আসর আয়োজনের জন্য। সকলের চোখ এখন টোকিওতে।
ইতিমধ্যেই যদিও করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। যদিও রবিবার দুপুরেই টোকিও গেমস ভিলেজে পা রাখলেন ভারতীয় ক্রীড়াবিদরা। তালিকায় সব বড় বড় নাম, মেরি কম, পিভি সিন্ধু থেকে বাংলার দুই কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও জিমনাস্ট প্রণতি নায়েকও রয়েছেন।
সবাই ভিলেজে গিয়ে নিজেদের জন্য বরাদ্দ ঘরে পৌঁছে লাগেজ রেখে দিয়েছেন। সকলের কোচরাই জানিয়েছেন, আপাতত দু’দিন বিশ্রাম, তারপর ফের শুরু হবে প্র্যাকটিস। ভারতীয় অলিম্পিক সংস্থাও ক্রীড়াবিদদের ছবি পোস্ট করেছেন তাদের অ্যাকাউন্ট থেকে। মুহূর্তের মধ্যে ওই ছবিতে অজস্র লাইক পড়েছে।
https://twitter.com/sharathkamal1/status/1416703546070691840
তার মধ্যেই টোকিও গেমস ভিলেজে প্রবেশ করেই টেবল টেনিসের তারকা শরথ কমল একটি ভিডিও আপলোড করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। তাতে এক খন্ড ভিলেজকে তিনি তুলে ধরেছেন। ভিলেজ মানে জানা ছিল, গ্রামের মতো দেখতে কোয়ার্টার কিংবা ডর্মিটারি টাইপের মতো ঘর। কিন্তু কমলের ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাথলিটদের জন্য বরাদ্দ অট্টালিকাসম আকাশছোঁয়া ফ্ল্যাট।
তাঁর ভিডিয়োয় দেখা গিয়েছে একের পর এক উঁচু বাড়ি, পরপর দাঁড়িয়ে রয়েছে সেগুলি। ক্রীড়াবিদ এবং প্রত্যেকটি দেশের কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য বরাদ্দ সেগুলি। প্রত্যেক বহুতলে বিভিন্ন দেশের পতাকা দিয়ে ঢাকা রয়েছে। একটি কমপ্লেক্স বলতে যা বোঝায়, সেটিই বোঝা গিয়েছে কমলের ভিডিওতে।
শরথ কমল বলেছেন, ‘‘গত এক বছর অনেক অনিশ্চয়তায় ভুগেছি আমরা। অবশেষে আমরা টোকিও পৌঁছতে পেরেছি, এটা ভেবেই ভাল লাগছে আমাদের।’’ প্রসঙ্গত, এই নিয়ে মোট চারবার অলিম্পিক আসরে অংশ নিলেন টিটি-র কিংবদন্তি চেন্নাইয়ের শরথ।