
ভারতীয় ক্রিকেটার শুভমান গিল
শেষ আপডেট: 12 February 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত শতরান করলেন শুভমান গিল। টেস্ট ক্রিকেটে তাঁর ব্য়াটিং ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও, একদিনের ক্রিকেটে আবারও তিনি স্বমহিমায় ফিরে এসেছেন। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমান যে একেবারে 'পয়সা উসুল' ব্যাটিং করলেন তা বলা যেতেই পারে।
এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন শুভমান। গত ম্যাচে রোহিতের ব্যাট থেকে ঝকঝকে শতরান (১১৯) দেখতে পাওয়া গেলেও, সিরিজের তৃতীয় ম্যাচে তিনি মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন গিল। ৫২ রানের একটা ঝকঝকে ইনিংস বিরাটের ব্যাট থেকে বেরিয়ে আসে। পাশাপাশি দ্বিতীয় উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। টিম ইন্ডিয়ার বড় রানের পিছনে এই যুগলবন্দীর অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
বিরাট ফিরতে ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। তৃতীয় উইকেটেও শুভমান যথেষ্ট দায়িত্ব গ্রহণ করেন। এখনও পর্যন্ত এই উইকেটে ৮৫ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। আর ৯৫ বলে নিজের শতরান পূরণ করলেন শ্রেয়স আইয়ার। এই ইনিংসে তিনি ১৪ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। ভারত আপাতত ৩ উইকেটে ২০৬ রান করেছে। এখনও প্রায় ১৮ ওভারের খেলা বাকি আছে। এখান থেকে টি-২০ মেজাজে টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটার খেলতে শুরু করেন কি না, সেটাই আপাতত দেখার।
চলতি ওয়ানডে সিরিজে শুভমান গিল যথেষ্ট ভাল ব্যাটিং পারফরম্যান্স করছেন। এই সিরিজে তাঁর কাঁধে সহ অধিনায়কের দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব তিনি নিখুঁতভাবে পালন করছেন। সিরিজের প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ রান করেছিলেন শুভমান। দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে ৬০ রান করেন। এবার তৃতীয় ম্যাচে এল ঝকঝকে সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে শুভমানের এই পারফরম্যান্স যে স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে।