
শেষ আপডেট: 23 October 2023 18:27
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপের প্রতি ম্যাচেই সেরা ভারতীয় ফিল্ডারের নাম ঘোষণা করার রীতি চলে আসছে। এই অভিনব উদ্যোগ নিয়েছেন দলের ফিল্ডিং কোচ টিএ দিলীপ। তিনি বলে দিয়েছেন, প্রতি ম্যাচে সেরা ফিল্ডারকে দেওয়া হবে একটি দামী মেডেল।
গত নিউজিল্যান্ড ম্যাচেও এমন সেরা ফিল্ডারের নাম বেছে নেওয়া হয়েছে। কোচ এও জানিয়েছেন, ঘোষণা করার মধ্যেও চমক থাকবে। এবার যেমন স্পাইডারক্যাম ক্যামেরায় নেমে এসেছে শ্রেয়স আইয়ারের নাম। ওতেই আটকানো ছিল মেডেলও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সেরা ফিল্ডারের মেডেল জিতেছিলেন বিরাট কোহলি। পরের ম্যাচগুলিতে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজাদের গলাতেও ঝুলেছে এই পদক।
নাম ঘোষণার মধ্যেও চমক রাখছেন ফিল্ডিং কোচ। কখনও নিজেই নাম ঘোষণা করছেন, আবার কখনও টিভির পর্দায় দেখা যাচ্ছে সেরা ফিল্ডারের নাম। আবার স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও ফুটে উঠছে সেরা ফিল্ডারের নাম।
শেষ ম্যাচে যেমন কোচ সবাইকে ড্রেসিংরুমের বাইরে যেতে বলেছিলেন। সবাই সেইমতো বাইরে আসতেই দেখা যায় ওই ক্যামেরায় শ্রেয়সের নাম লেখা রয়েছে। ম্যাচে সিরাজের বলে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের ক্যাচ ধরেছিলেন শ্রেয়স।