
শেষ আপডেট: 9 February 2024 23:48
দ্য ওয়াল ব্যুরো: আগামী আইপিএলেও কি কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারের সার্ভিস পাবে না? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। কোটিপতি লিগ শুরু হতে দু’মাসও বাকি নেই। তারমধ্যে এই নিয়ে প্রবল অনিশ্চয়তা শুরু হয়ে গিয়েছে।
দিল্লি ক্যাপিটালস থেকে ১২ কোটি টাকা দিয়ে শ্রেয়সকে নিয়েছিল শাহরুখের কেকেআর। কিন্তু সেই টাকায় চুক্তি হওয়ার পরে এখনও কলকাতার হয়ে মাঠে নামেননি ভারতের নামী তারকা। গতবার তিনি ভুগেছিলেন পিঠের চোটের কারণে। তাঁকে অস্ত্রোপচারও করতে হয়।
এবারও ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে তিনি মাঠে নামতে পারবেন না। শ্রেয়সের কুঁচকি ও পিঠের পুরনো চোটের জায়গায় আঘাত লেগেছে। তিনি এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। একান্তই চোট না সারলে তিনি এবারও আইপিএলে মাঠে নামতে পারবেন না। তার মানে আবারও কপাল পুড়ল কিং খানের দলের। সেক্ষেত্রে গতবারের মতো দলের অধিনায়কত্ব করতে হতে পারে নীতিশ রাণাকে।
কেকেআর শিবির অবশ্য অপেক্ষা করছে বিসিসিআই নিযুক্ত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও কী রিপোর্ট দেন, তারওপর। কোহলি দলে ফিরলে শ্রেয়স এমনিতেই ছিটকে যেতেন। কিন্তু কোহলি না ফিরতে শ্রেয়সকে দরকার হতো দলের। যদিও তাঁর চোট এতটাই গুরুতর যে তিনি সরাসরি এনসিএ-তে চলে গিয়েছেন চোট সারাতে।