
শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান।
শেষ আপডেট: 8 June 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে কেন স্থান পাননি, সেই নিয়ে এতদিন পরে মুখ খুললেন শ্রেয়স আইয়ার। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণে তাঁকে বোর্ডের চুক্তি তালিকা থেকে শ্রেয়স ও ঈশান কিশানকে বাদ দেওয়া হয়।
সেই নিয়ে শ্রেয়স এর আগে মুখ খোলেননি। তাঁর বিরুদ্ধে বোর্ডের বক্তব্য ছিল, শ্রেয়স ইচ্ছে করে নিজেকে ঘরোয়া ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছেন। তারপরেও নিশ্চুপ ছিলেন কেকেআরের বিজয়ী অধিনায়ক।
সম্প্রতি শ্রেয়স একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি জানি না কেন আমাকে টি ২০ দলের জন্য বিবেচনা করা হল না! আমি গত ওয়ান ডে বিশ্বকাপেও ভাল খেলেছিলাম। ধারাবাহিকভাবে ভাল খেলেছি, তারপরেও দলে স্থান না পেয়ে হতাশ হয়েছিলাম।
শ্রেয়স ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, আমি ভীষণভাবে চেয়েছিলাম ভাল খেলে দলকে চ্যাম্পিয়ন করে এর জবাব দেব, সেটি দিতে পেরে ভাল লেগেছে। কারণ আইপিএলে কেকেআর দলের নেতা হিসেবে আমি গর্বিত।
ভারতীয় দলের নামী তারকার আরও ব্যাখ্যা, ‘‘ওয়ান ডে বিশ্বকাপ খেলার পরে আমি চেয়েছিলাম সম্পূর্ণ বিশ্রাম নিয়ে পরের টুর্নামেন্টের জন্য তৈরি হতে। আমার সামান্য চোট ছিল, কিছু পেশিতে শক্তি বৃদ্ধির বিষয় ছিল। সেগুলি করতেই আমি বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে ছিলাম। কিন্তু সেইসময় আমার সঙ্গে বোর্ডের কোনও কর্তার যোগাযোগ হয়নি, ওটা একেবারেই বোঝাপড়ার অভাব ছিল।’’