
শেষ আপডেট: 14 December 2023 19:18
দ্য ওয়াল ব্যুরো: নাইট রাইডার্স দলে মেন্টর হিসেবে প্রত্যাবর্তন হয়েছে গৌতম গম্ভীরের। তিনি প্রায় দশবছরের মাথায় ফের কেকেআর সংসারে ফিরলেন। কিন্তু দলের অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে শেষ কথা জানালেন ফ্রাঞ্চাইজির মালিক শাহরুখ খানই। তিনি শ্রেয়স আইয়ারকে নেতা করার জন্য কর্তাদের নির্দেশ দিয়েছেন।
এই নিয়ে যাতে জটিলতা না হতে পারে, সেই কথা ভেবেই চার মাস আগেই অধিনায়কের নাম ঘোষণা করে দিল নাইট রাইডার্স কর্তৃপক্ষ। দলের মুখ্য শীর্ষ আধিকারিক সিইও বেঙ্কি মাইসোর বিবৃতি দিয়ে এই খবর জানিয়ে দিয়েছেন।
গম্ভীরের সঙ্গে দারুণ সম্পর্ক নীতিশ রাণার। দু’জনেই দিল্লির বাসিন্দা। গম্ভীরের বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে রাণা ও তাঁর পরিবারের। গম্ভীরের একটা আনুগত্য ছিল নীতিশের প্রতি। কিন্তু শ্রেয়সকেই দলের হিসেবে বেছে নিয়েছেন মালিক। কারণ দেখা গিয়েছে গত মরশুমে শ্রেয়স না থাকতে দলকে অভিভাবকহীন লেগেছিল। মিডল অর্ডারে ধরার কেউ ছিল না। তাও রিঙ্কু সিং দলকে বহু ম্যাচেই টেনেছেন। এমনকী নীতিশও ভাল খেলেছেন বেশকিছু ম্যাচে। কিন্তু দলের নেতা হিসেবে রাণা এখনও দক্ষ নন, সেটি বোঝা গিয়েছে।
এবার কেকেআরের হাতে রয়েছে প্রায় ২৭ কোটি টাকা। এই অর্থে তারা তিন বিদেশী ও ১০জন স্বদেশী ক্রিকেটার নিতে পারে। নিলামের দিন গম্ভীর কী ভূমিকা নেন, সেটিও দেখার বিষয়। তবে টাকার থলি থাকবে বেঙ্কির হাতেই।
এবার নাইট দলে রয়ে গিয়েছেন মোট ১৩ জন ক্রিকেটার। তাঁদের তালিকা এরকম : নীতিশ রাণা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সূয়াস শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, রহমতুল্লা গুরবাজ, জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারিন।