
কেকেআরের সফল অধিনায়ক শ্রেয়স আইয়ার।
শেষ আপডেট: 26 May 2024 23:49
দ্য ওয়াল ব্যুরো: গতবার তিনি দলের অধিনায়ক ছিলেন না, চোটের কারণে খেলতেই পারেননি। সেই শ্রেয়স আইয়ার অধিনায়ক হয়ে ফিরেই দলকে চ্যাম্পিয়ন করে দিলেন। তিনি দক্ষ সেনাপতির মতো মাঠে থেকে দলকে যোগ্য পরিচালনা করেছেন।
শ্রেয়সকে ভরসা দিয়েছেন দলের মালিক শাহরুখ খান। তিনি দলের ক্রিকেটারদের বকুনি তো দূরের কথা, মালিক নয়, দাদার ভূমিকায় থেকে আসল খেলা বের করে এনেছেন। দলের মেন্টর গৌতম গম্ভীরও একবার বলেছেন, শাহরুখ খানের সঙ্গে আমার দেখা হলে কোনওদিন ক্রিকেট নিয়ে কথা হয়নি!
লখনউ দলের মালিক হিসেবে এবারই সঞ্জীব গোয়েঙ্কা দলের নেতা কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছেন। কিন্তু শাহরুখ পুরো বিপরীত চরিত্রের মানুষ। তিনি দলের ক্রিকেটারদের ম্যাচ হারতেও ভেঙে পড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন, একটা হারে মাথায় আকাশ ভেঙে পড়বে না। পরের ম্যাচে তোমরা চেষ্টা করো, নিজের কাজে সৎ থেকো, সাফল্য আসবেই।
সেটাই এল রবিবার ফাইনালেও। বাদশা দলের নেতা হিসেবে এমন একজনকে রেখেছেন, যিনি বোর্ডের কাছে ব্যাডবয় হিসেবে পরিচিত। শ্রেয়স আইয়ারকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে টি ২০ বিশ্বকাপের দলেও রাখা হয়নি।
শ্রেয়স তাল ঠুকছিলেন কীভাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে জবাব দেবেন। তিনি তাই করলেন। দারুণ ব্যাটিং ছন্দে ছিলেন বলা যাবে না। কিন্তু তিনি প্রতি ম্যাচে দারুণ টিমম্যান হয়ে আসল কাজ করে গিয়েছেন। তিনি বুঝিয়েছেন দলের নেতা হতে গেলে কী করতে হয়। তিনি এও বলেছেন, আমার এতটুকু আক্ষেপ নেই আমাকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি। কিন্তু তিনি রবিবার আইপিএল জিতে আসল সিন্ডারেলা জিতে নিয়েছেন!
মমতা ও অভিষেকের শুভেচ্ছা কেকেআরকে: কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন টুইট করে জানিয়েছেন, কেকেআর এ রাজ্যে উৎসবের বাতাবরণ ফিরিয়ে আনল। তাদের দলের কোচ, সাপোর্ট স্টাফ ছাড়াও প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানাতে চাই। ফের তারা দারুণ সাফল্য পেল।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, যে দায়বদ্ধতা দেখিয়ে কলকাতা আবারও খেতাব পেল, তাতে দলের প্রত্যেক সদস্যকে অসংখ্য অভিনন্দন।