
শেষ আপডেট: 22 January 2024 21:33
দ্য ওয়াল ব্যুরো: শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্কের অবনতি হয়েছিল গত তিনবছর ধরেই। তাঁরা কয়েকবার দুবাইতে দেখা করলেও সেই সাক্ষাতের মধ্যে কোনও আবেগ ছিল না। এমনকী শোয়েবও ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন।
পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে টানা তিনবছর প্রেম পর্ব চলার পরেই তাঁরা বিবাহ বন্ধনে জড়িয়েছেন। সানিয়া এই বিষয়টি জেনেও গিয়েছিলেন। একবার শোয়েবের সঙ্গে সানা একটি বিজ্ঞাপনের শ্যুট করেছিলেন। সুইমিং পুলে তাঁদের প্রকাশ্যে দেখা যায়। সেইসময়ই সানিয়া বুঝতে পেরে যান নিজেদের মধ্যে সম্পর্ক না থাকলে এতটা অন্তরঙ্গতা সম্ভব নয়।
এই নিয়ে সানিয়া দিনের পর দিন শোয়েবকে সতর্ক করেছিলেন। তিনি বরং একবার ভারতের টেনিস রানিকে বলে দেন, আমার একটা নয়, ৩০০ মহিলাকে ভাললাগে! এই নিয়ে প্রবল বিতণ্ডা হয়েছিল সানিয়ার সঙ্গে। সানিয়ার পরিবার চাইছিল সমঝোতার মধ্যে শোয়েবের সঙ্গে সম্পর্ক টিকে যাক। কিন্তু সানিয়া চাননি এরকম মিথ্যে সম্পর্ককে টেনে নিয়ে যেতে। তাই তিনি শোয়েবের পরিবারের সঙ্গেও কথা বলেন।
পাক সংবাদমাধ্যম দাবি করেছে, সানিয়ার সঙ্গে শোয়েবের বোনের একটা সাক্ষাৎও হয়েছিল দুবাইতে। সেখানে দু’জনের মধ্যে বিস্তারিত কথা হয়। শোয়েবের বোন এও দাবি করেছিলেন, তাঁর দাদার কাজকর্মে তাদের পরিবারও খুশি নয়। তাঁরা বরং সানিয়াকেই সমর্থন করেন।
সানিয়ার আগে যাঁর সঙ্গে বিয়ে হয়েছিল পাক ক্রিকেটারের, সেই আয়েষা সিদ্দিকি ১৫ কোটি খোরপোষ নেন। সানিয়া যেমন নিজেই চেয়েছেন বিচ্ছেদ, আয়েষাকে আবার বিচ্ছেদের জন্য চাপ দেওয়া হয়। সেইসময় বিপুল পরিমাণ টাকা শোয়েবের কাছে দাবি করলে তিনি সেটি দিতে বাধ্য হন।