দ্য ওয়াল ব্যুরো: রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার বিবাহ আসরে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা আমন্ত্রিত থাকবেন, এটা ধরেই নেওয়া যায়। কারণ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রিন্স উইলিয়ামের প্রিয় বন্ধু আলেকজান্ডার গিলকসের সঙ্গে।
মারিয়া টেনিস ছেড়ে দিয়ে লকডাউনের সময় নিজের ব্যবসায় মেতে ছিলেন। পাশাপাশি প্রকৃতির প্রতি প্রেম তাঁর নিবিড় বলে মাঝেমধ্যেই বেরিয়ে গিয়েছেন পাহাড়ে কিংবা সমুদ্রে।
শারাপোভার জীবন মানেই খোলা আকাশের মতোই। তিনি বারবার প্রেমে পড়েছেন, এবং সেই প্রেম টেকেওনি। তবে দীর্ঘদিনের বন্ধু আলেকজান্ডার গিলকসের বাগদত্তা হওয়ার খবরটি তিনি নিজেই সোশ্যাল সাইটে ফলাও করে জানিয়েছেন। ২০১৮ সাল থেকে ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের এই বন্ধুর সঙ্গে সম্পর্ক আছে শারাপোভার।
শারাপোভা ও তাঁর হবু স্বামী দু’জনেই জানিয়েছেন কোনওরকম লুকোছাপা না করেই। ব্রিটেনের বেশ নামকরা ব্যবসায়ী এই গিলকস, অনলাইন নিলাম কোম্পানি প্যাডল ৮–এরও সহ-প্রতিষ্ঠাতা তিনি। ইটন কলেজে ছাত্রাবস্থায় প্রিন্স উইলিয়ামের সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব ছিল, এখনও তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
গিলকসই যদিও শারাপোভা প্রথম পার্টনার নন, এর আগে টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ, মেরুন ফাইভ ব্যান্ডের মূল গায়ক অ্যাডাম লিভাইনের সঙ্গেও সম্পর্ক ছিল শারাপোভার।
লস অ্যাঞ্জেলেস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গেও বাগদান হয়েছিল তাঁর। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। গিলকসও এর আগে বিয়ে করেছিলেন ডিজাইনার মিশা নোনুসকে। ১৩ বছর একসঙ্গে থাকার পর ছাড়াছাড়ি হয়ে যায় মিশা ও গিলকসের।
এদিকে, শেষ ১০ মাস প্রায় অন্তরালেই ছিলেন পাঁচবারের এই গ্র্যান্ডস্লামজয়ী রুশ টেনিস সুন্দরী। তিনি মডেল হিসেবেও জনপ্রিয়। আর আলোচনায় থাকার জন্য তাঁর প্রায় ৪১ লাখ ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। খেলা ছাড়ার পর নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে তাঁর জন্য। ‘সুগারপোভা’ নামে নিজের একটি আন্তর্জাতিক কনফেকশনারি ব্র্যান্ড তো অনেক আগেই খুলেছেন, যেটিতে শতভাগ মালিকানা তাঁর।
এর বাইরে অন্যদের ব্যবসায়ের পথ খুলে দিতেও এখন কাজ করছেন শারাপোভা। ব্যবসায়ের ধ্যানধারণা আছে, কিন্তু বিনিয়োগের অভাব—এমন প্রতিষ্ঠানগুলোতে লাভজনক মনে হলে বিনিয়োগ করেন শারাপোভা। যেমন ব্যায়ামের পোষাক আষাক ও যন্ত্রপাতি এবং সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বানিজ্যিক সম্পর্ক রয়েছে। তাঁর একটি কনসালটেন্সি ফার্মও রয়েছে। ম্যাসাজ থেরাপির বিভিন্ন যন্ত্রপাতির কোম্পানিতেও শেয়ার রয়েছে এই নামী প্রাক্তন টেনিস তারকার। এমনকি এনবিএ বাস্কেটবল দলেও তাঁর বিনিয়োগ রয়েছে।