
শেন ওয়ার্ন
শেষ আপডেট: 30 March 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: কোভিড পর্বে মারা যান ফুটবল ও ক্রিকেট বিশ্বের দুই কিংবদন্তি। আর দুজনের মৃত্যুর আড়ালেই এতদিন জমে ছিল চাপ চাপ অন্ধকার, ধোঁয়াশা ও বিতর্ক। ইতিমধ্যে মারাদোনার (Diego Maradona) মৃত্যু-রহস্যের আদত কিনারা করতে লাল ফিতের ফাঁস নতুন করে খুলে ফেলা হয়েছে। বুয়েনোস আইরেসের আদালত তদন্তকারী পুলিশ অফিসার থেকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক—প্রত্যেকের বিরুদ্ধে একে একে সমন জারি করেছে। এবার শেন ওয়ার্নকে (Shane Warne) নিয়েও একইভাবে ঘনিয়ে উঠল বিতর্ক৷
এতদিন ধরে প্রচার করা হচ্ছিল, হৃদরোগে আক্রান্ত হয়েই ২০২২-এর এপ্রিলে মারা যান অস্ট্রেলিয়ার স্পিনার৷ সেই সময় থাইল্যান্ডে ছিলেন তিনি। যদিও মৃত্যুর এই কারণ মানতে নারাজ এক পুলিশ অফিসার৷ যিনি তদন্তকারী দলের সদস্য হিসেবে দীর্ঘদিন এর সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার যা বলেছেন, তাতে গোটা ঘটনার আসল অভিমুখটিই বদলে যেতে চলেছে৷
‘ডেইলি মেলে’ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের বক্তব্য হচ্ছে, ওয়ার্ন যেখানে মারা যান, সেখান থেকে নাকি ‘কামাগ্রা'র (Kamagra) বোতল উদ্ধার হয়। কী এই কামাগ্রা? চিকিৎসকদের মতে, এই বস্তুটি আদতে ড্রাগ৷ মূলত ভারতেই এর রমরমা। যৌনাঙ্গ শিথিলতা কাটাতে এর ব্যাপক ব্যবহার চালু রয়েছে৷ ‘ভায়াগ্রা’-র সঙ্গে উপাদানগত মিল থাকলেও হার্টে অসুবিধা রয়েছে এমন কারও কামরাগ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
পুলিশ আধিকারিকের মতে, ঘটনাস্থলে ওই ড্রাগের বোতলটি পাওয়া গেলেও শীর্ষস্থানীয় অফিসাররা তা লোপাট করার নির্দেশ দেন৷ খবর আসে: কোনওভাবেই যাতে এই বিষয়টি পাঁচকান না হয়। তাতে অস্ট্রেলীয় ক্রিকেটের কিংবদন্তি তারকার ইমেজে কালি পড়তে পারে৷
ওই অফিসার বলেন, ‘সিনিয়ররা আমাদের বোতল সরিয়ে ফেলার আদেশ দেন। অনেক উপরের মহল থেকে নির্দেশ এসেছিল৷ তাই আমার মনে হয়, এর পেছনে অস্ট্রেলিয়ার অনেক আধিকারিক যুক্ত রয়েছেন৷ তাঁর কেউই চাইছিলেনন না, ওয়ার্নের মতো একজন জাতীয় চরিত্রের মৃত্যুর খবর এভাবে ছড়িয়ে যাক৷ তাই সরকারিভাবে জানানো হয়: হার্ট অ্যাটাকেই মারা গিয়েছেন তিনি। এ ছাড়া ঘটনার আড়ালে অন্য কিছু নেই। এরপর কেউই এগিয়ে এসে কামরাগ নিয়ে কোনও মন্তব্য করেননি৷ তার কারণ, বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর৷ এতকিছুর নেপথ্যে অনেক অদৃশ্য হাত রয়েছে।’
অকুস্থল থেকে একটিমাত্র বোতলই উদ্ধার হয়। যদিও ওয়ার্ন কতখানি সেবন করেছিলেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। পাশাপাশি ওয়ার্নের মৃতদেহের পাশে বমি ও রক্তের ছাপ লক্ষ্য করা গিয়েছিল। যা কামাগ্রার বোতলের মতোই সবার আড়ালে সাফ করে দেওয়া হয়৷ দাবি ওই আধিকারিকের৷