
শেষ আপডেট: 27 October 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ক্রিকেটের মধ্যে বোমা ফাটালেন পাকিস্তানের নামী প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি এর আগেও পাক দলের মুসলিম ক্রিকেটারদের নিয়ে নানা কথা বলতেন।
এবার আরও বিস্ফোরক কানেরিয়া। তিনি বলেছেন, ‘‘আমি হিন্দু ক্রিকেটার বলে আমাকে জোর করে ধর্ম পরিবর্তনের কথা বলত শাহিদ আফ্রিদি। আমি এর বিরোধিতা করলে আমাকে নানাভাবে অপদস্থ করা হতো। দলের সবাই যখন ডিনার টেবিলে রয়েছে, সেইসময় আমার সঙ্গে খেত না আফ্রিদির মতো কয়েকজন ক্রিকেটার।’’
কানেরিয়া আরও জানান, ‘‘আফ্রিদি আমাকে মানসিকভাবে নানা হেনস্থা করত। কিন্তু আমার পাশে থাকত ইনজামাম। ইনজি আমাকে সবসময় আগলে রাখত। ইনজি মানুষ হিসেবেও খুব উদার মনের। পাকিস্তানের একমাত্র অধিনায়ক যিনি আমার পাশে ছিলেন। এমনকী শোয়েব আখতারও আমাকে সমর্থন করে এসেছে। ওঁদের ব্যবহারই ছিল অন্যরকম। বড় ক্রিকেটার, বড় মনের মানুষও।’’
কানেরিয়া ছিলেন পাকিস্তানের সেইসময়ের একমাত্র হিন্দু ক্রিকেটার। তিনি সুরাতে জন্মগ্রহণ করা স্পিনার। ৬১টি টেস্ট খেলে কানেরিয়ার দখলে রয়েছে ২৬১টি উইকেট। তিনি এর আগেও পাক দলের ক্রিকেটারদের নামে নানা কথা বলেছিলেন। এবার অবশ্য গুরুতর অভিযোগ করেছেন আফ্রিদির নামে। একবার শোয়েবও বলেছিলেন, কানেরিয়া হিন্দু ছিল বলে ওঁর পাশে বসে খেতে চাইত না আমাদের দলের বহু ক্রিকেটারই।
এবার কানেরিয়া শুধু আফ্রিদি নন, তিনি পাক বোর্ডের কর্তাদেরও আক্রমণ করেছেন। নামী প্রাক্তন স্পিনার বলেন, ‘‘আমাকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। আমার যা রেকর্ড ছিল, এমনি দল থেকে বাদ দিতে পারতেন না কর্তারা। সেইজন্য নানা কারণ দেখিয়ে আমাকে ছেঁটে ফেলেছেন। এটা ভারতে কোনওদিন হয়নি। ভারতে মুসলিম ক্রিকেটারদের সম্মান ও শ্রদ্ধা দুটিই দেখানো হয়।’’