
শেষ আপডেট: 20 October 2023 15:52
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হলটা কী! এবারের বিশ্বকাপ একেবারেই ভাল যাচ্ছে না বাবর আজমদের। একের পর এক ম্যাচে হার, ভালভাবে নিচ্ছেন না পাক সমর্থকরা। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই বেকায়দায় পড়ে গেল পাকিস্তান। প্রথম বলেই রিভিউ নিয়ে সমালোচনার শিকার হলেন বাবররা!
টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাবর আজম। প্রথম ওভার করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। অপরদিকে, ব্যাট করছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। শাহিনের বল ব্যাট ছুঁয়ে ওয়ার্নারের প্যাডে লাগে। এলবিডব্লিউর আবেদন জানায় পাক ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার মাথা নেড়ে না বলে বলে দেন।
তারপরই দেখা যায় শাহিন আফ্রিদি, বাবর আজমকে রিভিউ নেওয়ার জন্য বলেন। আলোচনার পর বাবর রিভিউ নেন। কিন্তু দেখা যায়, বল আগে ব্যাটে লেগেছে। স্পষ্ট আওয়াজ শোনা যায়। তারপরই নট আউট বলে দেন টিভি আম্পায়ারও। এভাবে রিভিউ নষ্ট করায় খেপে যান পাক সমর্থকরা।
যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, বল আগে ব্যাটে লেগেছে, সেখানে এভাবে রিভিউ নষ্ট করার কোনও অর্থই বোধগম্য হচ্ছে না পাক সমর্থকদের। শাহিন আফ্রিদি ও বাবরকেই কাঠগড়ায় তুলছেন তাঁরা।
It’s not Drs it’s BRS
— Humza Sheikh (@Sheikhhumza49) October 20, 2023
Babar Review System
We all are living in Babar Azam’s world pic.twitter.com/P4QbkSXOjw
এদিকে, হ্যারিস রউফ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় ঢুকে পড়লেন। এক ওভারে তিনি দিলেন ২৪ রান। যা বিশ্বকাপে এক ওভারে তৃতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। পাক বোলারদের নিয়ে ছিনিমিনি খেলছেন দুই অজি ওপেনার। ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ দু'জনেই অর্ধশতরান করে ফেলেছেন। সেঞ্চুরি করার থেকে কয়েক রান দূরে মাত্র।