
শেষ আপডেট: 11 December 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: রাজকোটে বিজয় হাজারে সর্বভারতীয় ওয়ান ডে টুর্নামেন্টে হরিয়ানার বিরুদ্ধে বাংলাকে ব্যাটিংয়ে টানলেন শাহবাজ আমেদ। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দলের বাকিরা যখন ব্যর্থ, সেইসময় শাহবাজ একা কুম্ভের মতো রক্ষা করলেন দলকে।
বাংলার নামী অলরাউন্ডারের ১০০ রান এসেছে ১১৮ বল খেলে, যার মধ্যে চারটি বাউন্ডারি ও একই সংখ্যক ছক্কা রয়েছে। বাংলা ৫০ ওভারে ২২৫ রান করতে পেরেছে। বাকিদের থেকে কোনও সহায়তা পাননি শাহবাজ। হরিয়ানা ব্যাটিং করতে নেমে এই মুহূর্তে রয়েছে ১৩/১। তাদের লক্ষ্য ২২৬ রান।
বাংলাকে বেকায়দায় ফেলে দিয়েছেন অভিজ্ঞ স্পিনার যজুবেন্দ্র চাহাল। তিনি চার উইকেট নিয়েছেন ৩৭ রানে। হরিয়ানা স্পিনারের দাপটে ফিরে গিয়েছেন অনুষ্টুপ মজুমদার (১৪), প্রদীপ্ত প্রামাণিক (২১), ঋত্বিক রায় চৌধুরী ও মহম্মদ কাইফরা।
টসে জিতে হরিয়ানা প্রথমে ফিল্ডিং নিয়েছে। বাংলার ব্যাটিং লাইন আপ এভাবে ফ্লপ করে যাবে ভাবা যায়নি। গত ম্যাচেই আট উইকেটে ম্যাচ জিতেছিল। জোড়া সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। এদিন বাংলা দলনেতা ২১ রানে বিপক্ষের পেসারের কাছে আউট হয়ে গিয়েছেন।
চাহাল ভারতীয় দলে ফেরার জন্য বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্ট খেলেছেন। হরিয়ানার রাহুল তেওটিয়া দুটি উইকেট পেয়েছেন।