
গোলের সুবর্ণ সুযোগ মিস করলেন সাউল ক্রেসপো
শেষ আপডেট: 8 February 2025 21:19
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে কিছুতেই গোলের দরজা খুলতে পারছে না ইস্টবেঙ্গল এফসি। এমন পারফরম্যান্স দেখার পর লাল-হলুদ সমর্থকরাও রীতিমতো হতাশায় ভেঙে পড়েছেন। আর সেই হতাশার কাটা ঘায়ে কার্যত নুনের ছিটে দিলেন মশালবাহিনীর তারকা ফুটবলার সাউল ক্রেসপো। ম্যাচের ৫৪ মিনিটে দলের জন্য ব্যবধান কমানোর একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু যেভাবে সেটা তিনি হাতছাড়া করলেন, তা দেখার পর ইস্টবেঙ্গল সমর্থকরা কার্যত ক্ষোভে ফেটে পড়লেন।
সেট পিস সিচ্যুয়েশন থেকে একটা দুর্দান্ত ক্রস বাড়িয়েছিলেন নিশু কুমার। চেন্নাইনের গোল পোস্টের সামনে একেবারে আনমার্কড ছিলেন ক্রেসপো। এরথেকে সহজ গোল করার সুযোগ গোটা টুর্নামেন্টে তিনি পেয়েছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে। বলটা তিনি ডান পায়ে একটা সিম্পল ট্যাপিং করেছিলেন। কিন্তু, নিশানায় রাখতে পারলেন না। এই সুযোগ মিসের খেসারত অবশ্যই ইস্টবেঙ্গলকে দিতে হবে।
এখানেই শেষ নয়। ক্রেসপোর পর গোল করার সুযোগ মিস করলেন রিচার্ড সেলিসও। ভেনেজুয়েলার এই ফুটবলারকে নিয়ে কয়েকদিন আগেই লাল-হলুদ সমর্থকরা যথেষ্ট মাতামাতি করেছিলেন। কিন্তু, শনিবাসরীয় ম্যাচে তিনি যেভাবে গোলের সুযোগ মিস করলেন, সেকারণে বোধহয় তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। ৫৮ মিনিটে চুঙ্গার পাস থেকে সেলিসের কাছে এসেছিল সেই সুযোগ। চেন্নাইনের ডিফেন্স যথেষ্ট হাইলাইন ছিল। সেন্টার বক্স থেকে তিনি ডান পায়ে শট নিয়েছিলেন। কিন্তু, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যান। এই সুযোগ মিস করার পর জার্সিতে মুখ লুকোলেন সেলিস। যেন নিজেই নিজের পারফরম্যান্সের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন।
এই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি এখনও পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে রয়েছে। ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমারের আত্মঘাতী গোলে প্রথম ধাক্কা খেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর মাত্র ৭ মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। গোল করলেন উইলমার জর্ডন। ইতিমধ্যে ৮০ মিনিটের খেলার অতিক্রান্ত। বাকি ১০ মিনিটে লাল-হলুদ ফুটবলাররা কামব্যাক করতে পারে কি না, সেটাই দেখার।