
শেষ আপডেট: 31 October 2023 19:01
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের পরে ফের ২০৩৪ সাল। ফের ফিফা বিশ্বকাপের আসর বসছে এশিয়া মহাদেশে। দাবিদার ছিল অস্ট্রেলিয়া, তারা সরে যেতেই দায়িত্ব পেল সৌদি।
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কিন্তু বিশ্বকাপের শততম বর্ষ উদযাপন করবে ফিফা। এ কারণে স্পেন-পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে ফিফা সহ আয়োজক হিসেবে রেখেছে উরুগুয়ে, প্যরাগুয়ে এবং আর্জেন্টিনাকেও। তিন মহাদেশর মোট ৬টি দেশ এই বিশ্বকাপটির আয়োজক হতে যাচ্ছে।
এই বিশ্বকাপের চার বছর পরে ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ওই বিশ্বকাপ আয়োজনের দাবিদার ছিল দুটি দেশ। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। কিন্তু ফিফা নির্ধারিত আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।
যার ফলে, এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আবেদনকারী দেশ সৌদি আরব। প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১ বছর পরের বিশ্বকাপটি মধ্যপ্রাচ্যের এই আরব দেশেই হবে।
ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগোব না।’
আগামী বিশ্বকাপ ২০২৬ সালে হবে তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। পরের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে, উরুগুয়ে-প্যারাগুয়ে এবং আর্জেন্টিনাতেও কিছু ম্যাচ হবে।
২০১৮ সাল থেকেই বিশ্বের নানা বড় বড় ইভেন্ট আয়োজন করে আসছে সৌদি। ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ এবং বক্সিংয়ে নানা আসর আয়োজন করছে তারা। একই সঙ্গে দেশটি ঘরোয়া ফুটবল উন্নয়নে ব্যাপক নজর দিয়েছে।
সেই জন্যই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভিত কাঁপিয়ে কোটি কোটি টাকা খরচ রোনাল্ডো, নেমার, বেঞ্জেমা, মানে-দের মত ফুটবলারকে উড়িয়ে এনে লিগে খেলাচ্ছে তারা।