
শেষ আপডেট: 8 March 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে মধুর প্রতিশোধ বলে একটা কথা খুব চালু। ক্রিকেটে দ্বৈরথ শব্দটি যথেষ্ট আকর্ষণীয় হয়ে থাকে। একে অপরের বিরুদ্ধে লড়াই করার প্রয়াস। সেদিক থেকে শুক্রবার ধরমশালার মাঠে মার্ক উডের বলে আপারকাট মেরে জবাব দিলেন সরফরাজ খান।
প্রতি ম্যাচে সরফরাজ মাঠে নামলেই গ্যালারির দর্শকরা নড়েচড়ে বসেন। কারণ তাঁর অতীতের লড়াই এতটাই মনোগ্রাহী যে, সবসময় তিনিও খোঁজেন সফলতার মঞ্চ। চলতি টেস্ট সিরিজে এর আগে একটা ব্যাট থেকে এসেছিল হাফসেঞ্চুরি। এবারও মুম্বই তারকার ব্যাট থেকে এসেছে দুরন্ত ইনিংস।
ধরমশালার পাহাড়ের কোলে মাঠে সরফরাজ অবশেষে থামলেন ৫৬ রানে শোয়েব বশিরের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে। কিন্তু তার আগে যেভাবে উডের বলে সরফরাজ আপারকাট মেরেছেন, তাতে গ্যালারির হৃদয় তিনি জিতে নিয়েছিলেন।
আইপিএলে দিল্লির হয়ে খেলতেন সেইসময় সরফরাজ, আর লখনউয়ের হয়ে মার্ক উড। একটা ম্যাচে আপারকাট মারতে গিয়ে উডের ইনসুইংগারে ঠকেছিলেন তিনি। সেই প্রতিশোধ এবার নিলেন টেস্টের মঞ্চে। উডের বলে সরফরাজ মারলেন সেই শট, চার হয়ে গিয়েছে।
পরের বলে বাউন্সার মেরেছিলেন উড, কিন্তু সরফরাজ আক্রমণাত্মক ঢঙেই সেই জবাব দিয়েছেন। শেষমেশ যখন আউট হয়ে ফিরলেন, নামের পাশে আটটি চার ও একটি ছক্কা।
এবারও সেঞ্চুরি করতে পারলেন না, কিন্তু দাগ কেটে রাখলেন ২৬ বছর বয়সি ডানহাতি ব্যাটার।