
শেষ আপডেট: 10 December 2023 23:27
দ্য ওয়াল ব্যুরো: ১১১ বছরের ইতিহাসে যা কোনওদিন ঘটেনি, সেটাই হয়েছে এবার ব্রাজিলিয়ান লিগে। পেলের ফুটবলের আঁতুড়ঘর স্যান্টোসের প্রথম ডিভিশন লিগ থেকে অবনমন হয়ে গিয়েছে। সারা ফুটবল দুনিয়া স্তম্ভিত হয়ে গিয়েছে এই ঘটনায়।
গতবছর ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে ফুটবল সম্রাট পেলে বিদায় নিয়েছেন। একবছরের মধ্যেই তাঁর ফুটবল পাঠশালার এমন অবনতিতে ফুটবল প্রেমীরা অবাক হয়ে গিয়েছেন। যে ক্লাবে শুধু পেলে নন, খেলেছেন সক্রেটিস, নেমাররাও।
এরমধ্যে আবার ব্রাজিলের নামী ক্লাবের প্রশাসনিক পালাবদলও ঘটে গিয়েছে। স্যান্টোসের নতুন প্রেসিডেন্ট মার্সেলো টেক্সেইরা জানিয়ে দিয়েছেন, ক্লাব যতদিন না ফার্স্ট ডিভিশনে উঠছে, ততদিন ক্লাবের ১০ নম্বর জার্সি কেউ পরবে না। সেটি অবসরে থাকবে। কারণ ওই জার্সি পরে আমাদের ক্লাবের কিংবদন্তি পেলে খেলতেন। তাঁকে বিশেষ সম্মান ও শ্রদ্ধার্ঘ জানাতেই এমন পরিকল্পনা।
১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো নিয়ে ক্লাবের শীর্ষ কর্তা বলেছেন, পেলেকে সম্মান জানাতেই এমন ভাবনা। তিনি এই জার্সি নম্বর পরে খেলে গিয়েছেন। আমরা আবারও নিজেদের আসনে প্রতিষ্ঠা পেতে চাই, আর সেটি আমরা পারবই। প্রসঙ্গত, এবার ব্রাজিলের ফুটবল লিগের নামকরণও হয়েছে পেলের নামে।
এদিকে, ৫৩ শতাংশ ভোট পেয়ে চার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সভাপতি হয়েছেন টেক্সেইরা। তিনি নির্বাচিত হয়ে বলেছেন, এটা আনন্দের সময় নয়। আবারও স্যান্টোসকে শীর্ষ স্থানে নিয়ে যাওয়াই আমাদের কাছে চ্যালেঞ্জ।