
শেষ আপডেট: 8 May 2023 06:59
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2023) প্রায় প্রতিটি ম্যাচই শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিচ্ছে। শেষ বল না পড়া পর্যন্ত বলা যাচ্ছে না ম্যাচের ফল কী হতে পারে। ম্যাচে টানটান উত্তেজনা, যেকোনও ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও হার মানাচ্ছে। রবিবার রাতে জয়পুরে তেমনই এক ম্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ থেকে হারিয়ে গিয়েও ফিনিক্স পাখির মতো যেভাবে হায়দরাবাদ ফিরে এসেছে তা যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু রাজস্থানের ওই ম্যাচ হারার কারণ কি শুধুই সন্দীপ শর্মার শেষ বলে নো বল করা (Sanju Samson comment On Sandeep Sharma)?
রাজস্থানের ২১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের একের পর এক ব্যাটারের ঝোড়ো ব্যাটিং লক্ষ্যমাত্রা দিকে এগিয়ে দিচ্ছিল। তবুও প্রায় শেষ পর্যন্ত ম্যাচের রাশ ছিল রাজস্থানের হাতেই। কিন্তু শেষ দু'ওভারেই ম্যাচের রং পাল্টে যায়। উনিশতম ওভারে গ্লেন ফিলিপসের ঝড়, ও শেষ ওভারে আবদুল সামাদের দক্ষ ব্যাটিং রাজস্থানের মুখ থেকে জয় কেড়ে নেয়।
শেষ বলে বাকি ছিল ৫ রান। সন্দীপ শর্মার বল উড়িয়ে দেন সামাদ। সেই বল বাউন্ডারি পার হতে পারেনি। তালুবন্দি হয়। ম্যাচ জিতে গেছে ভেবে উল্লাসে মেতে ওঠেন রাজস্থানের ক্রিকেটাররা। কিন্তু আম্পায়ার জানান, সন্দীপের সেই বল 'নো বল' ছিল (Sandeep Sharma No Ball)! ওভার স্টেপিংয়ের জন্য নো ডাকেন আম্পায়ার। বিনা মেঘে বজ্রপাত নামে রাজস্থান শিবিরে।
উইকেটের পিছনে দাঁড়িয়ে অধিনায়ক সঞ্জু স্যামসনের চোখে মুখেও ধরা পড়ে হতাশা। সেই নো-বলই জেতার রাজস্থানের জেতার আশায় জল ঢেলে দেয়। ম্যাচ শেষে হতাশা লুকিয়ে রাখেননি সঞ্জু। বলে বসেন, ' সন্দীপের ওপর আমার বিশ্বাস ছিল। এই একই পরিস্থিতিতে সিএসকের বিরুদ্ধে আমাদের ম্যাচ জিতিয়েছিল। কিন্তু সেই নো-বলই আমাদের হারের দিকে ঢেলে দিয়েছে। ধুর, ওই সময় তুমি নো করতেই পারো না।'
নিজের দলের ব্যাটারদের ঢালাও প্রসংশা শোনা যায় সঞ্জুর গলায়। তিনি বলেন, 'আমরা এই উইকেটেও এত বড় স্কোর তুলেছিলাম। কিন্তু হায়দরাবাদ কিছুটা বুদ্ধি করেই রান তাড়া করেছে।' তবে অন্যান্যদের মতো সঞ্জুও জানেন নো-বলই খেলা শেষ করে দেয়।
সেই সম্পর্কে সঞ্জু বলেন, 'সন্দীপ জানে ওকে কী করতে হবে। বল করার আগে হয়তো কয়েক মুহূর্তের জন্যও মানসিকতার পরিবর্তন ঘটেছিল। আসলে আমরা ভেবেই নিয়েছিলাম জিতে গেছি। তবে এটাও খেলার আসল রূপ।'
মোদীর দত্তক গ্রাম কুস্তিগিরদের পাশে, ‘রাজধর্ম’ পালনের বার্তা প্রধানমন্ত্রীকে