
শেষ আপডেট: 31 October 2023 20:50
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক—এই দুই তারকার বিবাহিত জীবন নিয়ে তাঁদের ভক্তদের উৎসাহ কম নেই। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত ভারত-পাক দুই দেশের মানুষই! তাঁদের মধ্যে সেতুবন্ধন করল কি পুত্র ইজাহান?
গতকাল অর্থাৎ ৩০ অক্টোবর ছিল ইজাহানের জন্মদিন। দুবাইয়ে ধুমধাম করে তাঁর জন্মদিন পালন করা হয়। সেই অনুষ্ঠানে বাবা-মা দু'জনেই ছিলেন। শোয়েব মালিক ও সানিয়া মির্জা পাশাপাশি এলেন বটে, কিন্তু সম্পর্কের মধ্যে জমে থাকা বরফ কি গলল, প্রশ্ন থেকেই যাচ্ছে অনুরাগীদের মধ্যে।
ছেলের জন্মদিনের দিন সানিয়া একটি পোস্ট করেন। নতুন- পুরনো মিলিয়ে ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সানিয়া। সেই পোস্টের ক্যাপশন দেখে অনেকের ধারণাই হয়েছে যে বিচ্ছেদের পথে এগোচ্ছে দুই তারকা। অন্ধকারের মধ্যে আলো খুঁজছেন সানিয়া। তিনি বলেন, ' তোমার (ইজহান) হাসিই সবকিছু সুন্দর করে তোলে। আমি আশীর্বাদ হিসেবে তোমাকে পেয়েছি। আমি তোমার মধ্যে দেখেছি নিঃশর্ত ভালবাসা কাকে বলে।'
শুধু একা সানিয়া নন, শোয়েবও ছেলের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছেলের সঙ্গে কতটা সুখী মুহূর্ত কাটিয়েছেন, সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। ইজাহানের জন্মদিন পার্টির ছবি দেখে যে কেউ বলে দিতে পারবেন যে, শোয়েব ও সানিয়া ছিলেন একসঙ্গেই।
তবে তারপরও দুই তারকার সম্পর্ক নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমত, সানিয়ার পোস্ট। দ্বিতীয়ত, দুই তারকার দেওয়া ছবিতে একে অপরকে দেখা যাচ্ছে না! সানিয়া, ইজাহানের সঙ্গে অনেক সুন্দর মুহূর্তের ছবি দিয়েছেন ঠিকই। সেইসব ছবিতে যেমন ইজহান আছে, তেমন পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। নেই শুধু শোয়েব।
আবার প্রাক্তন পাক ক্রিকেটারের শেয়ার করা ছবিতেও 'ঝাপসা' সানিয়া! ইজাহারের সঙ্গে শোয়েব থাকলেও এক ফ্রেমে নেই ভারতীয় টেনিস তারকা। সন্তানের জন্মদিনের ফুটে উঠল দাম্পত্য জীবনের যন্ত্রণা, বেদনার ছবি!