
শেষ আপডেট: 2 October 2023 22:12
দ্য ওয়াল ব্যুরো: অক্ষর প্যাটেলের জন্য খারাপ লাগছে, তবে ও না চোট পেলে অশ্বিন দলে আসত না!
ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে বললেন সন্দীপ পাতিল। ১৯৮৩ সালে কপিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তিনি। পাতিল কলকাতার এক হোটেলে লাল হলুদের অনুষ্ঠানে এসে জানিয়ে দিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন অভিজ্ঞ তারকা, ও বিশ্বকাপের দলে না থাকলে বাজে হতো বিষয়টা। তাই অক্ষরের জন্য শাপে বর হয়েছে ভারতীয় দলের ক্ষেত্রে।
ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শ্রাচী গ্রুপ। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি হয়েছে ক্লাবের সঙ্গে। মধ্য কলকাতার হোটেলে সোমবার সকালে হাজির ছিলেন পাতিল। এছাড়াও হাজির ছিলেন বহু তারকা। ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন ঝুলন গোস্বামী, বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় দাশ, আব্দুল মোনায়েম প্রমুখ। ইস্টবেঙ্গল ক্রিকেট দলের মেন্টর হলেন সন্দীপ পাতিল। দলের সঙ্গে যুক্ত হলেন ঝুলন গোস্বামী। এদিন ক্লাব সূত্রে এই খবর জানানো হয়েছে।
ঘরের মাঠে বিশ্বকাপে ভারতীয় দল কি চ্যাম্পিয়ন হতে পারবে? প্রশ্নের জবাবে ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘এখনই সেটি বলা সম্ভব নয়। তবে ভারতের এই দলটিতে ভারসাম্য রয়েছে। ভারতীয় দল সেমিফাইনালে যাবে। বাকি তিনটি দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডও যাবে শেষ চারে।’
কেন পাক দলকে এই দৌড়ে রাখলেন না, সেই প্রশ্নের উত্তরে একসময়ের জনপ্রিয় ক্রিকেটার বলেছেন, পাক দলকে নিয়ে অনুমান করা যায় না। যেদিন খেলবে, সেদিন বিশ্বের সেরা দলকে হারিয়ে দেবে। আবার যেদিন হারবে বিরাট ব্যবধানে হারবে। ওদের মধ্যে কোনও ধারাবাহিকতা নেই।
পাতিলের কাছে বিশ্বকাপে ভারতীয় দলের বাজি মূলত দুই তারকা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। তিনি মনে করছেন, এই দু’জন যদি ছন্দে থাকে, তা হলে বিপক্ষ দলকে চিন্তায় ফেলে দেবে। শুভমন গিল কি পারবে কোহলির জায়গা নিতে? প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘শুভমন প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু এখনই কোহলির জায়গা নিতে পারবে কিনা বলা সম্ভব নয়। কোহলি ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে গিয়েছে। ওর নামের পাশে বহু রেকর্ড।’
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি গ্ৰুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডা: প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, সহ সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব মানস রায়, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার।