
শেষ আপডেট: 14 March 2025 22:08
দ্য ওয়াল ব্যুরো: রঙের উৎসব, আনন্দ ছড়াল ক্রিকেট মাঠের বাইরেও। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন তেন্ডুলকর ফিরলেন মজার দিনগুলোতে, দিলেন ইন্ডিয়া মাস্টার্স দলের হোলি উদযাপনের নেতৃত্ব। একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে কয়েক ঘণ্টা আগে। দেখা গেছে, রং মেখে বাকিদেরও রাঙালেন কিংবদন্তী।
রায়পুরে দলের হোটেলে প্র্যাঙ্ক করলেন যুবরাজ সিংয়ের সঙ্গে। হোলির দিনে একটু দেরিতে ঘুম থেকে ওঠার খেসারত দিতে হল তাঁকে। ইউসুফ পাঠান এবং রাহুল শর্মার সঙ্গে পরিকল্পনা করে যুবরাজকে দরজা খুলতে বাধ্য করেন। তারপর মুহূর্তেই রং আর জলের ঝাপটায় ভিজিয়ে দেন শচিন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে বলেন, 'জলের বন্দুক লোড করা আছে। যাচ্ছি যুবরাজ সিংয়ের ঘরে। এখন ঘুমোচ্ছেন। গতরাতে প্রচুর ছয় মেরেছেন। এবার আমি ছয় মারব।' এরপর উদযাপন চলে হোটেলের লনে, যেখানে শচিন নিজে আবার প্র্যাঙ্কের শিকার হন। ইউসুফ পাঠান এক বালতি জল ঢেলে দেন শচিনের উপর, আর গোটা দল মেতে ওঠে রঙের উৎসবে।
শুধু ইন্ডিয়া মাস্টার্স নয়, আইপিএলের প্রস্তুতি শিবিরে থাকা দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস-এর খেলোয়াড়রাও নিজেদের মতো করে হোলির আনন্দে মেতেছেন শুক্রবার।
এদিকে রঙের উৎসব শেষ হলেও রবিবার আরও বড় চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছে ইন্ডিয়া মাস্টার্স। আইএমএল-এর সেমিফাইনালে ভারত ৯৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। ঐতিহাসিক ব্যাটিং করেন যুবরাজ, ৭টি ছক্কা হাঁকিয়ে মনে করিয়ে দেন তাঁর সোনালি দিনগুলোর কথা। ২০ ওভারে ভারত তোলে ২২০ রান, যেখানে শচিন তেন্ডুলকর ৩০ বলে ৪২ রান করেন।
অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ১২৬ রানে। শাহবাজ নদিম ৪টি উইকেট নিয়ে ভারতের জয় অনেকটা সহজ করে দেন। এখন অপেক্ষা, ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে। ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স ও কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা মাস্টার্সের মধ্যে বিজয়ী দল রবিবার ফাইনালে মুখোমুখি হবে ইন্ডিয়া মাস্টার্সের।