
সচিন তেন্ডুলকর-ক্রিস মার্টিন
শেষ আপডেট: 27 January 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগে মুম্বইয়ে অনুষ্ঠান করতে এসেছিল ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন খোলা মঞ্চে দাঁড়িয়ে পেসার জসপ্রীত বুমরাহর নাম নিয়েছিলেন। সুরের তালে মিলিয়ে দিয়েছিলেন বুমরাহর জয়ধ্বনি। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিওটি শেয়ারও করেন বিশ্বের এক নম্বর পেসার।
এবার কোল্ডপ্লের অনুরাগী হিসেবে তাঁদের সম্পর্ক খোলসা করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বুমরাহর মতো তিনিও কনসার্টের তারকাখচিত শ্রোতার তালিকায় উপস্থিত ছিলেন। গানের তালে তাল দিচ্ছিলেন। সপরিবারে। সেই ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে।
Sachin Tendulkar enjoying the Coldplay concert with his wife and daughter in Mumbai ????????#SachinTendulkar #ColdPlay #Music #Mumbai #Sportskeeda pic.twitter.com/61r4PAEqHU
— Sportskeeda (@Sportskeeda) January 22, 2025
তারপরই নিজের কোল্ডপ্লে-প্রীতি নিয়ে মুখ খুলেছেন সচিন। জানিয়েছেন, ২০১৬ সালে তাঁর সঙ্গে ব্যান্ডের সদস্যদের প্রথম দেখা হয়। আর প্রথম আলাপেই জমে ওঠে বন্ধুত্ব। এরপর যখনই বিশ্বের নানা প্রান্তে কনসার্ট আয়োজন করেছে কোল্ডপ্লে, তখনই ছুটে গেছেন তিনি।
ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তাঁর সঙ্গেও বিশেষ সখ্য রয়েছে সচিনের। ২০১৯ সালে সচিন নিজের নামে একটি ফাউন্ডেশন তৈরি করেন। যার পাঁচ বছর পূর্তির একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কোল্ডপ্লেকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ পেয়ে ক্রিস মার্টিন সচিনকে জানান—‘আমি যাব। আমি থাকব। তুমি শুধু বলো, কবে আর কোথায় অনুষ্ঠানটি হচ্ছে। আর কতক্ষণ ধরে হচ্ছে। আমরা হাজির হয়ে যাব।‘