
শেষ আপডেট: 9 April 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: টানা দুই ম্যাচে হারের পরে আবারও জয়ের সরণীতে ফিরল চেন্নাই সুপার কিংস। সোমবার রাতের ম্যাচে তারা সাত উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।
এই ম্যাচে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড একটি বিশেষ নজির গড়েছেন। গত পাঁচবছরে কোনও চেন্নাই অধিনায়কের হাফসেঞ্চুরি ছিল না। সেদিক থেকে কৃতিত্ব দেখালেন ঋতুরাজ। ৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে ঋতু দেখালেন দলের নেতা হলেও ব্যাটিংয়েও সমানভাবে মন দেওয়া যায়।
২০১৯ সালে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শেষবার দলের নেতা হিসেবে হাফসেঞ্চুরি করেছিলেন। এরপর আর কোনও অধিনায়ক ৫০-র কোঠা পেরতে পারেননি। তার মধ্যে ২০২১ ও ২৩ সালে দলটি চ্যাম্পিয়ন হয়েছে।
২০২২ সালে অবশ্য ধোনি একটি ম্যাচে হাফসেঞ্চুরি করলেও সেইসময় তিনি দলের অধিনায়ক ছিলেন না। সেই দায়িত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাদেজাকে। তিনি ব্যর্থ হতে ফের দলের নেতা হিসেবে ফিরে আসেন এমএস।
এবারও মরশুমের প্রথম ম্যাচেই ধোনি নেতার দায়িত্ব তুলে দিয়েছেন ঋতুরাজের হাতে। তিনি এর আগে ভারতীয় এ দলের অধিনায়কত্ব করেছেন। তিনি জাতীয় সিনিয়র দলেরও অধিনায়ক হন এশিয়ান গেমসে। সেদিক থেকে ঋতুরাজের একটা অভিজ্ঞতা রয়েছে অধিনায়ক হিসেবে।