
রুবেন আমোরিম
শেষ আপডেট: 22 January 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: তিনি এমনিতে দুঃখে, সুখে অনুদ্বিগ্নমনা। সাফল্য বা ব্যর্থতাকে অবিচলভাবে গ্রহণ করে থাকেন। সাইডলাইনে খুব একটা উত্তেজিত ভঙ্গিতে হাত-পা ছুড়েতে দেখা যায় না। কিন্তু পরিচিত এই ইমেজ নয়া ক্লাবে দায়িত্ব নেওয়ার খুব অল্প দিনের মধ্যেই ভেঙে ফেললেন রুবেন আমোরিম। জানা গিয়েছে, ব্রাইটনের কাছে লজ্জাজনক ১-৩ গোলে হারের পর ড্রেসিংরুমে রণং দেহী মেজাজ ধারণ করেন পর্তুগিজ ম্যানেজার। ভেঙে ফেলেন লকার রুমের টিভিও!
গত বছর নভেম্বর মাসে সিজনের মাঝপথে ওল্ড ট্র্যাফোর্ডের কুর্সিতে বসেন রুবেন আমোরিম। কিন্তু ক্লাবের তলানিতে ঠেকা ফর্ম উদ্ধারে ব্যর্থ হন। তাঁর কোচিংয়ে মোট ১৫টি ম্যাচ খেলেছেন ব্রুনো ফার্নান্ডেজরা। তার মধ্যে হেরেছেন ৭টি ম্যাচ। লিগ টেবিলে ১৩ নম্বরে ম্যান ইউ। অবনমনের আশঙ্কাও দেখা দিয়েছে। কারণ রেলিগেশনের মাত্র ১০ পয়েন্ট উপরে রয়েছে তারা।
এই পরিস্থিতিতে ব্রাইটনের বিরুদ্ধে হার মেনে নিতে পারেননি সমর্থকেরা। ম্যাচ শেষের পরেই ফুটবলারদের উদ্দেশে দিতে থাকেন দুয়ো। তারপর ড্রেসিং রুমে ফিরেই মেজাজ হারান আমোরিম। হ্যারি ম্যাগুয়ারেরা লকার রুমে ফিরে এলে সবাইকে উদ্দেশ করে চেঁচাতে থাকেন ম্যানেজার। ঘুষি মারেন জায়ান্ট টিভির স্ক্রিনে। খেলোয়াড়দের ট্যাকটিক্সের খুঁটিনাটি বোঝাতে যা ব্যবহার করা হয়ে থাকে। আমোরিমের পাঞ্চের জেরে সেই অতিকায় টিভি স্ক্রিন অনেকটা ভেঙে যায়। ম্যান ইউয়ের পরের ম্যাচ রেঞ্জার্সের বিরুদ্ধে। তার আগে ওই স্ক্রিন কতখানি সারানো যাবে, সে বিষয়ে সন্দেহ রয়েছে।