
শেষ আপডেট: 6 April 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্লাবে খেলতে এসেছিলেন সেই ২০১৯ সালে। সেবার কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন রাত তিনটের সময়। বাইরে অপেক্ষা করছিলেন এটিকে মোহনবাগানের সমর্থকরা। সেই ঘটনা ভোলেননি রয় কৃষ্ণ।
বলা ভাল ওই রাতেই প্রথম এই দেশকে ভালবেসে ফেলেছিলেন। মোহনবাগান ক্লাবের সঙ্গে একটা টান অনুভব করেন। তিনি নিজে সবুজ মেরুন ক্লাব ছাড়তে চাননি। কোচ জুয়ান ফেরান্দো তাঁকে বাতিল করে দেন। হাবাস সেইসময় কোচ থাকলে এতদিনও হয়তো বাগানেই থেকে যেতেন।
ভারতকে এতটাই ভালবেসেছেন যে এই দেশের জাতীয় সঙ্গীত গান খেলা শুরুর আগে। এমনকী ভাল হিন্দিও বলতে জানেন। ব্রাজিলিয়ান ব্যারেটোর পরে দ্বিতীয় কোনও বিদেশি যিনি এ দেশের ভাল বলতে পারেন।
আইএসএলের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘ইন দ্য স্ট্যান্ডস’-এ তিনি বলেছেন, ‘‘আমি ফিজিতে স্কুলে পড়ার সময় থেকেই হিন্দি বলতে এবং লিখতে পারি। স্কুলে আমি বিশুদ্ধ হিন্দি পড়েছি। এই ভাষায় আমি হিন্দি গানও গাইতে পারি। তাই আমার ভারতের জাতীয় সঙ্গীত গাইতে ভালও লাগে, একেবারে মন থেকেই গাই।’’
ফিজি তারকার পূর্বপুরুষ ভারতে থাকত। সেই কথাও তিনি জানিয়েছেন। এও বলেছেন, আমি বিয়ের পরে স্ত্রীকে প্রায়ই বলতাম ভারতে বেড়াতে যাব। আমার সৌভাগ্য যে ভারতের ক্লাবেই খেলতে এলাম। তাই শুরু থেকেই এই দেশকে ভালবেসেছি। আমার এখানে অনেক বন্ধু রয়েছে।
ভারতে এসে ১০২টি ম্যাচে ৫৪টি গোলও করেছেন এই নামী স্ট্রাইকার। তিনি বলেছেন, সুযোগ হলে আবারও কলকাতায় ফিরতে চাই। এখন অবশ্য খেলছেন ওড়িশা এফসি-র হয়ে।