
শেষ আপডেট: 6 October 2023 19:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল ময়দানে বড় চমক দিতে চলেছে আইএফএ। তারা পরিকল্পনা করেছে, আগামী ১৭ অক্টোবর লিগ জয়ের ট্রফি রোনাল্ডিনহোর হাত দেওয়া হবে মহামেডান দলকে।
প্রথমে ঠিক ছিল কলকাতায় শারদোৎসবের আগে আসবেন আর্জেন্টিনা দলের মহাতারকা অ্যাঞ্জেল দি মারিয়া। তিনি বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য। কিন্তু মারিয়ার আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁকে পর্তুগালের ক্লাব বেনফিকা ছাড়তে চাইছে না। সেই কারণেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত এদিন জানালেন, মারিয়ার বদলে নিয়ে আসা হবে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহোকে।
তিনি কলকাতায় থাকবেন দু’দিন। তারপর যাবেন বাংলাদেশেও। পুজোর আগে ৪৮ ঘণ্টা সময়ে ব্যস্ত কর্মসূচী থাকছে ব্রাজিলের শিল্পী ফুটবলারের। তিনি চারটি পুজো উদ্বোধনও করবেন। যেতে পারেন সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এমনকী যাওয়ার কথা রয়েছে কামালগাজি গ্রিনপার্ক, আহিরীটোলা ও নরেন্দ্রপুরে কাতারের লুসেইল স্টেডিয়ামের আদলে মণ্ডপেও।
সেইসময়ই আইএফএ ভাবছে, বাইপাসের ধারে একটি হোটেলে অনুষ্ঠান করে মহামেডানের হাতে লিগ জয়ের ট্রফি তুলে দিতে। রোনাল্ডিনহো তখন কলকাতায় থাকায় সচিব অনির্বাণ দত্ত চান ব্রাজিলীয় তারকাকে দিয়ে পুরস্কৃত করাতে। সেটি নিয়ে শতদ্রুর সঙ্গে কথাও হয়েছে বাংলা ফুটবল নিয়ামক সংস্থার প্রধানের। রোনাল্ডিনহোর মতো কিংবদন্তিকে দিয়ে মহামেডানের ডেভিড, জেমসদের পুরস্কার দিলে তার মাত্রা আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়বে। সেটি বাংলা ফুটবলের কাছেও মাইলফলক হয়ে থাকবে মুহূর্তটি।