
শেষ আপডেট: 16 October 2023 16:56
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহোর পা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। সোমবার বিকেল চারটার সময় রোনাল্ডিনহোকে নিয়ে যাওয়া হয় মমতার বাড়িতে। তাঁকে হাতজোড় করে প্রণাম সারেন মুখ্যমন্ত্রী। ব্রাজিলের বিখ্যাত ফুটবলারও সৌজন্য ফিরিয়ে দেন।
ব্রাজিলের জার্সি তুলে দেওয়া হয় মমতার হাতে। পাল্টা রোনাল্ডিনহোকে দেওয়া হয় মিষ্টি, ‘জয়ী’ ফুটবল। রোনাল্ডিনহোর পাশে ছিলেন কলকাতার তিন বড় ক্লাবের প্রতিনিধিরা। মোহনবাগানের পক্ষে থেকে ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, লাল হলুদের প্রতিনিধি হিসেবে দেখা গিয়েছে দেবব্রত সরকারকে, মহামেডানের সচিব ইশতিয়াক (রাজু) আমেদের সঙ্গেও ‘শিল্পী’ ফুটবলারের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মহামেডান সচিব জানালেন, রোনাল্ডিনহো শুধু বড় ফুটবলারই নন, মানুষ হিসেবেও কত উদার, সেটি সবাই আমরা দেখলাম। কত ভদ্র, অমায়িক স্বভাবের মানুষ, আমাদের সবাইকে কত সুন্দরভাবে সৌজন্য দেখালেন।
রোনাল্ডিনহোর তিনদিনের কলকাতা সফরে ঠাসা কর্মসূচী রয়েছে। এদিনই সন্ধ্যাবেলায় বাইপাসের ধারে নামী হোটেলে আইএফএ-র অনুষ্ঠানে লিগের ট্রফির উন্মোচন করবেন। একইসঙ্গে বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান করে তিনি চলে যাবেন বারুইপুর ও নরেন্দ্রপুরে পুজো উদ্বোধনে।
শুধু মুখ্যমন্ত্রী নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও একটি অনুষ্ঠানে দেখা হবে সাম্বা ফুটবলের জনপ্রিয় তারকার। যাঁর ফুটবল শৈলীতে মুগ্ধ হতো ফুটবল দুনিয়া। ডায়মন্ড হারবার ক্লাবের মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ারও কথা রয়েছে মঙ্গলবার। বুধবার ৪৩ বছর বয়সি তারকা কলকাতা ছাড়বেন সাও পাওলোর উদ্দেশে।
সোমবার শ্রীভূমিতে পুজো উদ্বোধনও করেছেন রোনাল্ডিনহো। ওই অনুষ্ঠানে তাঁকে নিয়ে গিয়েছেন সুজিত বসু। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও সুজিতকে দেখা গিয়েছে। ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিমও।