
শেষ আপডেট: 19 October 2023 12:34
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে ঢাকা হয়ে দেশে ফিরে গিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনাল্ডিনহোই ছিলেন এবারের দুর্গাপুজোয় অন্যতম অতিথি। কলকাতার অদূরে ফুটবল পাগল ১৬ কোটি মানুষ তাঁকে দেখার আশায় উন্মুখ হয়ে থাকবে জানার পর ঢাকা সফরের সিদ্ধান্তে সায় দিয়েছিলেন এই তারকা ফুটবলার। সাত ঘণ্টা বাংলাদেশের জন্য বরাদ্দ রেখেছিলেন। সেখানে তাঁর অন্যতম কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে গিয়ে হাসিনার সঙ্গে বেশ কিছু সময় কাটান রোনাল্ডিনহো।
ব্রাজিলের এই তারকা ফুটবলার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চমৎকার উপহার দিয়েছেন। তা হল, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সি। সেটির পিছনে বড় হরফে লেখা ‘জয় বাংলা’। জার্সির পিছনে সেই লেখার নিচে রোনাল্ডিনহোর অটোগ্রাফ রয়েছে। তার উপরে লেখা ‘অনারেবল হাসিনা’। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন সেখানে।
গত জুলাইয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় গিয়েছিলেন। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তবে ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এড়িয়ে যান। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে গিয়েও আর্জেন্টিনার তারকা ফুটবলারের সঙ্গে দেখা করতে পারেননি মার্টিনেজের এজেন্টের ভুলে।
রোনাল্ডিনহোর ক্ষেত্রে সেই ভুল হয়নি। বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া, মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোনাল্ডিনহো। বুধবার রাতে ঢাকা থেকেই দেশে ফেরার বিমান ধরেন ব্রাজিলের তারকা ফুটবলার।