
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 29 January 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো : মেঘালয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য ঘোষণা করা হয়েছে মুম্বইয়ের রঞ্জি স্কোয়াড। এই ম্যাচে মুম্বই ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। তবে সবথেকে বড় ব্যাপার হল, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালের নাম এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এই তিন ক্রিকেটারই মুম্বইয়ের হয়ে খেলেছিলেন। এই ম্যাচে ৫ উইকেটে হেরে গিয়েছিল মুম্বই। আগামী ৩০ জানুয়ারি মেঘালয় বনাম মুম্বই ম্যাচের আয়োজন করা হবে।
দলে ফিরলেন অঙ্গকৃশ রঘুবংশী
প্রসঙ্গত, মুম্বই ক্রিকেট দলে কামব্যাক করলেন অঙ্গকৃশ রঘুবংশী, সূর্যাংশ শোডগে এবং অথর্ব আঙ্কোলকর। এই স্কোয়াডে মোট ১৬ ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে। এই সিরিজে যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারকে দেখতে পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ পালন করেই রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল মুম্বইয়ের হয়ে নিয়মিত ক্রিকেট খেলবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, চলতি বছর মুম্বইয়ের হয়ে প্রত্যেকটা ঘরোয়া টুর্নামেন্টেই অংশগ্রহণ করেছেন শ্রেয়স আইয়ার। বর্তমানে তিনি মুম্বই ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। পরের মাসে রোহিত, যশস্বী এবং শ্রেয়স তিনজনই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলে যোগ দেবেন।
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আয়ুশ মাহত্রে, অঙ্গকৃশ রঘুবংশী, অমোঘ ভাটকল, সিদ্ধেশ লাড, আকাশ আনন্দ, হার্দিক তোমরে, সূর্যাংশ শোডগে, শার্দূল ঠাকুর, শামস মুলানি, তনুশ কোটিয়ান, মোহিত অবস্তি, সিলভেস্টর ডিসুজা, রয়স্টন ডায়স, শ্রেয়স গুরব এবং অথর্ব আঙ্কোলকর।