
সৌগত রায়-রোহিত শর্মা
শেষ আপডেট: 3 March 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির সমীকরণ যাই হোক না কেন, ক্রিকেটের ময়দানে কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের পাশেই দাঁড়াল তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় শামার সুরে সুর মিলিয়ে একহাত নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ‘মোটা’ বলে সম্বোধন করে যাঁর অধিনায়কত্ব নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস নেত্রী । তিনি বলেন, রোহিত অত্যন্ত মাঝারি মানের ক্রিকেটার ও অধিনায়ক৷ যথেষ্ট মোটাও। ওঁর শারীরিক ওজন অবিলম্বে কমানো প্রয়োজন। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খারাপ অধিনায়ক রোহিত-ই।
শামার এই বক্তব্য সামনে আসার পর বিতর্কের ঢেউ ওঠে। বাধ্য হয়ে আসরে নামে বিসিসিআই-ও। শামা মহম্মদের বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দেগে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখপাত্র দেবজিৎ শইকিয়া।
যদিও বাকিদের রাস্তায় না হেঁটে বিতর্কিত কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়িয়েছেন সৌগত রায়৷ তিনি শামাকে সহমত জানিয়ে বলেন, ‘আমি শুনেছি রোহিত শর্মার পারফরম্যান্স বেশ খারাপ। ও একটিমাত্র সেঞ্চুরি করেছে। কিন্তু তা বাদ দিয়ে ২,৩,৪,৫ রান করেই আউট হয়েছে। ওর সত্যি দলে থাকা উচিত নয়। ভারত জিতছে ঠিকই৷ কিন্তু তার কারণ বাকি ক্রিকেটার ভাল খেলছে। অথচ অধিনায়ক কোনও ভূমিকাই পালন করছেন না।’ এরপরই বিতর্কের ধুয়ো তুলে সৌগত জুড়ে দেন, ‘শামা যা বলেছেন, আমার মতে, তা সত্যি।’
Kolkata, West Bengal: On Congress leader Shama Mohamed fat shaming Team India captian Rohit Sharma, TMC MP Saugata Roy says, "I heard that Rohit Sharma's performance has been quite poor. He scored one century, but other than that, he gets out after scoring 2, 3, 4, or 5 runs. He… pic.twitter.com/h89cNP43jO
— IANS (@ians_india) March 3, 2025
আলোচ্য বিতর্কে কংগ্রেসকে একঘরে ঠেলতে আসরে নেমেছে বিজেপি। শামার বক্তব্যের জবাবে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, রাহুল গান্ধীর ক্যাপ্টেনসিতে যারা ৯০টি নির্বাচনে হেরেছে, তারা আবার রোহিত শর্মার ক্যাপ্টেনসিকে ম্যাড়মেড়ে বলে! আমার ধারণা দিল্লিতে ৬টি ও ৯০টি নির্বাচনে হেরে যাওয়াটা খুবই প্রভাব-প্রতিপত্তির বিষয়, কিন্তু টি-২০ বিশ্বকাপ জেতাটা তা নয়! রোহিত শর্মার অসাধারণ ধারবাহিকতা রয়েছে খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে।
শামার নিন্দায় পুনাওয়ালা আরও বলেন, এই দলই নাকি নিজেদের মহব্বত কি দুকান বলে প্রচার করে থাকে। আসলে এরা যে নফরত কি ভাইজান এই ঘটনাই তা প্রমাণ করে। কংগ্রেস এখন ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধেও কথা বলছে। বিজেপি নেত্রী রাধিকা খেরাও বলেন, কংগ্রেসের এখন খেয়েদেয়ে কোনও কাজ নেই বলে রোহিত শর্মার নিন্দায় নেমেছে। যে লোকটি দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, তারই নিন্দা করছে। এই সেই দল যারা স্বজনপোষণে বিশ্বাস করে, তারাই আবার নিজের যোগ্যতায় চ্যাম্পিয়ন হওয়া লোককে নিয়ে ভাষণ দেয়?
তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের জল গড়াতে শুরু করায় সোমবার শামা মহম্মদ ঢোঁক গিলে বলতে শুরু করেছেন যে, তাঁর কথার উদ্দেশ্য রোহিতের চেহারা নিয়ে অপমান করার জন্য ছিল না। এমনকী তিনি তাঁর আগের পোস্টটিও ডিলিট করে দিয়েছেন। নিজের বক্তব্যের সাফাইয়ে তিনি বলেন, আমি সাধারণভাবে একটি পোস্ট করেছিলাম। যাতে তাঁর মনে হয়েছিল যে কোনও খেলোয়াড়কেই ফিট হতে হয়। তাঁর কথার অর্থ রোহিতের চেহারা নিয়ে অপমান করার জন্য ছিল না। তাঁর ফিটনেস নিয়ে ছিল। প্রাক্তন ক্যাপ্টেনদের নিয়ে যা বলেছি, তা আমার মতামত। এতে অন্য কারও কী বলার আছে, প্রশ্ন তুলেছেন তিনি।