
শেষ আপডেট: 12 January 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: ওনলি রোহিত শর্মা! ব্যতিক্রমী হিটম্যান। বিশ্বে বাকি ক্রিকেটাররা যা কোনওদিন করেননি, সেটাই করে দেখালেন ভারত অধিনায়ক।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে রোহিত শূন্য রানে আউট হয়েছেন। তাঁকে রানআউট হতে হয়েছে। নামের পাশে বড়সড় ‘ডাক’ থাকলেও আদতে রোহিত সেঞ্চুরি করলেন। বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়েছেন। এই নজিরের ধারেকাছে বলতে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি দেশের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন। শোয়েব অবশ্য অবসর নিয়ে নিয়েছেন।
রোহিতের এর আগে রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি ছয় মারার। এবার তিনি সেঞ্চুরি ম্যাচ জিতে নজির গড়লেন। ১৪ মাস পরে রোহিত আবারও কোনও টি ২০ ম্যাচ খেলতে নামলেন দেশের হয়ে। শেষ খেলেছিলেন তিনি ২০২২ সালের টি ২০ বিশ্বকাপের ম্যাচ।
রোহিতকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল গড়া হবে। স্বাভাবিকভাবে তিনি দলের নেতা থাকবেন। বিরাট কোহলিকেও রাখা হবে দলে। সিরিজের প্রথম ম্যাচে যদিও কোহলি খেলেননি। তাঁর কন্যা ভামিকার জন্মদিন ছিল বৃহস্পতিবার। সেই কারণেই ছুটি নিয়েছিলেন।
রোহিত খেললেও তিনি অন্য ওপেনার শুভমনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে গিয়েছেন। বিনা রানে আউট হলেও সেঞ্চুরির ঝুলির পূর্ণ ভারতের অন্যতম নামী তারকা ক্রিকেটারের।