.jpg)
বাংলাদেশকে হারাতে মরিয়া রোহিত শর্মা
শেষ আপডেট: 19 February 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে টিম ইন্ডিয়া একাধিক স্পিনারকে সুযোগ দিয়েছে। তা নিয়ে সমালোচনাও নেহাতই কম হয়নি। অবশেষে নিন্দুকদের মুখ বন্ধ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিত শর্মা জানিয়েছেন তাঁর দলে দুই স্পিনার রয়েছে। আর তিনজন রয়েছেন অলরাউন্ডার। প্রসঙ্গত, টিম ইন্ডিয়া বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। এই ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট দল যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
সমালোচকদের উদ্দেশ্যে রোহিত বললেন, 'যখন বিপক্ষ দল তিনজন ফাস্ট বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামে, তখন তো কোনও কথা হয় না। তখন তো কেউ বলে যে ওরা ৬ ফাস্ট বোলার নিয়ে খেলতে নেমেছে। আমাদের দলে ২ স্পিনার এবং ৩ অলরাউন্ডার রয়েছে। আমি ব্যাপারটা একেবারেই ৫ স্পিনার হিসেবে দেখছি না।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই তিনজন অলরাউন্ডার ব্যাট এবং বল দুটোই করতে পারে। বাকি দলগুলো তো ফাস্ট বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামছে। তখন তো আপনারা কেউ প্রশ্ন করেন না যে কেন ৬ ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছেন? '
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কথাটা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট স্কোয়াড নির্বাচন করা হয়েছে, সেটাও স্পষ্ট করে দেন রোহিত। তিনি বললেন, 'নির্বাচকদের মাথায় একটাই পরিকল্পনা ছিল। যে ক্রিকেটাররা ব্যাট এবং বল দুটোই করতে পারে, একমাত্র তাদেরই এই স্কোয়াডে সুযোগ দেওয়া হবে। শুধুমাত্র ব্যাট কিংবা বল করতে পারলে, কাজ হবে না।' ভারতীয় ক্রিকেট অধিনায়কের কথায় ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল দলের গভীরতা বাড়াতে অনেকটাই সাহায্য করবে।