
শেষ আপডেট: 17 May 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের পরেই কি অবসর নেবেন রোহিত শর্মা? সেই নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা চলছিল। এও প্রশ্ন উঠছিল, রোহিত মেগা ইভেন্টের পরে সরলে তারপরে কে দলের দায়িত্ব নেবেন।
দুবাইয়ের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘টি ২০ ক্রিকেটের পরে অবসর তো নয়ই, তারপরেও বেশ কয়েকবছর আমি খেলতে চাই দেশের হয়ে। এখনই অবসরের কথা ভাবছি না।’’
রোহিত আরও জানান, ‘‘আমার ভারতের হয়ে ১৭ বছর কেটে গিয়েছে। এই যাত্রাটা আমার কাছে অতি সুন্দর ছিল। তবে আমি এখনও দেশের হয়ে খেলতে চাই। জাতীয় দলের হয়ে পারফরম্যান্স করে নিজের কৃতিত্বের ছাপ রাখতে চাই। জীবনে অনেক উত্থান-পতন দেখেছি, সেগুলিকে কাটিয়ে উঠতে পেরেছি বলেই আজ আমি এখানে।’’
এম এস ধোনির অধিনায়কত্বে শেষবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। তারপর টি ২০ ক্রিকেটে খেতাব পায়নি দল। গত ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছে। এমনকী টি ২০ ক্রিকেটেও একবার ফাইনালে উঠে হারে শ্রীলঙ্কার কাছে। তাই এবার রোহিতের দলবল তৈরি চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে হিটম্যানের উপলব্ধি, ‘‘আমি ভারতীয় দলের যখন অধিনায়কত্ব পাই, সেইসময় লক্ষ্যই ছিল একটা দলকে ইউনিট হিসেবে গড়ে তোলা। একটাই কথা ভেবেছিলাম, সবাই একরকম চিন্তাভাবনা করবে। আমি আমার কাজে সফল হয়েছি, এটা বলতে পারি। এবারও সেই লক্ষ্যের ব্যতিক্রম হবে না।’’
রোহিত এবার চলতি আইপিএলে খুব ভাল ফর্মে নেই। একটা ম্যাচে সেঞ্চুরি করলেও তারপর থেকে ধারাবাহিকতার অভাবে ভুগছেন। সেই নিয়ে ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘রোহিত সবসময় বড় মঞ্চে তারকা। এবারও টি ২০ বিশ্বকাপে ভাল খেলবে।’’