1.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা
শেষ আপডেট: 20 January 2025 15:04
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই বছর টুর্নামেন্টের আসর পাকিস্তানে বসতে চলেছে। প্রথম ম্য়াচটি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্য়াচটা খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডও ইতিমধ্যে সামনে চলে এসেছে। রোহিত শর্মা আরও একবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সম্প্রতি ৫০ বছর বয়সে পা দিয়েছে। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকার, অজিঙ্কা রাহানের মতো তারকা ক্রিকেটাররা। সেই তালিকায় নাম ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মারও।
এই অনুষ্ঠানে এসে রোহিত শর্মা বললেন, 'আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব। আইসিসি টুর্নামেন্টে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই যথেষ্ট গর্বের। আমি খুব ভাল করেই জানি, দেশের ১৪০ কোটি জনগণ আমাদের সমর্থকন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিটা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা আমরা করব।'
২০২৪ সালে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ট্রফি এনে আনন্দ উদযাপন করা হয়। এবার রোহিত শর্মা প্রতিশ্রুতি দিলেন, আরও একবার টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করার জন্য মুখিয়ে রয়েছে। আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি এনে সেই আনন্দই ফিরিয়ে আনতে চান তিনি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপরেই রয়েছে। তবে টিম ইন্ডিয়া হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্য়াচ খেলবে। ২০১৩ সালে ভারতীয় ক্রিকেট দল শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলেও শেষপর্যন্ত পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে।