
শেষ আপডেট: 5 November 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স রোহিত শর্মার পয়া মাঠ বলেই পরিচিত। এই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ২৬8 রান করার নজির আছে। শুধু তাই নয়, ব্যাট হাতে নামলে রোহিতকে কখনও নিরাশ করেনি ইডেন।
রবিবার বিশ্বকাপের মেগা ম্যাচে রোহিত শর্মা যেভাবে শুরু করেছিলেন, তা দেখে অনেকেই বলতে শুরু করেন, 'এ তো টি২০ মেজাজে খেলছেন...'। একের পর এক বোলারের বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন তিনি। বল বাউন্ডারি পার হতেই উল্লাসে ফেটে পড়ছিল ইডেনের গ্যালারি। 'রোহিত, রোহিত...', চিৎকারে কান পাতা দায় হয়ে উঠেছিল ইডেনে।
তবে ইডেনের মাঠে হঠাৎ ওঠা রোহিত ঝড় থামল। ৪০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় অধিনায়ক।
এদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত। ইডেনে বড় রান তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামে ভারত। রোহিত প্রথম থেকেই সেই লক্ষ্যে গিয়ে এগিয়ে যাচ্ছিলেন ঝড়ের গতিতে। তাঁর সৌজন্যে মাত্র ৫ ওভারে ৬০ রান তুলে ফেলে ভারত। দক্ষিণ আফ্রিকার দুই সেরা পেসার লুনগি নিডি ও মার্কো জেনসনের প্রায় প্রতি বলই চালিয়ে খেলেন রোহিত।
৫ ওভার পরে রোহিতকে থামাতে কাগিসো রাবাডাকে বলে নিয়ে আসেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভূমা। আর সেই ফাটকাই কাজে লেগে যায়। প্রথম ওভারেই রোহিতকে তুলে নেন তিনি। বড় শট মারতে গিয়ে বাভূমার হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত।
ভারতীয় অধিনায়ক আউট হতেই নিস্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। দু'এক জায়গায় দক্ষিণ আফ্রিকা সমর্থকদের উল্লাসের ছবি দেখা গেল বটে। এদিনের ম্যাচে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন রোহিত। মারেন ৬টা চার ও দু'টো বিরাট ছক্কা।