
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 15 February 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকবছরে টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে রোহিতের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। সেকারণে সিরিজের অন্তিম ম্যাচে তিনি খেলতেই নামেননি। তাঁর জায়গায় জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। এরপর থেকেই রোহিতের টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে জসপ্রীত বুমরাহের ভবিষ্যত নিয়ে একটি নতুন আপডেট সামনে এসেছে।
পিটিআই-এর একটি রিপোর্ট অনুসারে, বিসিসিআই নাকি জসপ্রীত বুমরাহকে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের আগামী অধিনায়ক হিসেবে দেখতে চাইছে। আর সেকারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহের চোট নিয়ে কোনও পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে না। বুমরাহের আপডেটেড মেডিক্যাল রিপোর্ট হাতে পেয়েও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) সভাপতি নীতিন প্যাটেলকে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।
ওখানে নাকি লেখা রয়েছে, 'বুমরাহের স্ক্যান রিপোর্ট একেবারে ঠিকঠাক রয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে বল করতে পারবে না।' আর সেকারণেই আগরকরের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল নির্বাচন অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল। পিটিআই-এর ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন।
এই রিপোর্টে বলা হয়েছে, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহ যেহেতু পূর্ণ শক্তিতে বল করতে পারবেন না, তাই স্কোয়াডে রাখা হয়নি। আর এই কম সময়ের মধ্যে ফিট হয়ে ওঠাও বেশ মুশকিল। আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সে ওঁকে খেলতে দেখা যেতে পারে। এরপর ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন বুমরাহ। কারণ, রোহিত শর্মাকে আর টেস্ট স্কোয়াডে নির্বাচন করা হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।'
টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা আপাতত খারাপ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছেন। সম্প্রতি ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি মাত্র ২৮.১৮ স্ট্রাইক রেটে পাঁচ ইনিংসে ৩১ রান করেন। ২০২৪ সালে আয়োজিত ৮ টেস্ট ম্যাচেও তিনি নজর কাড়তে পারেননি। আর সেকারণেই টেস্ট স্কোয়াডে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।