
রোহিতকে সেরা বললেন কপিল।
শেষ আপডেট: 26 June 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি না রোহিত শর্মা, কে নেতৃত্বে এগিয়ে, সেই নিয়ে নিজের মত জানিয়ে দিলেন কপিল দেব। ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক বলেছেন, ‘‘কোহলি মাঠে যা পারে, সেটি রোহিত চেষ্টাও করে না, পারেও না। কিন্তু রোহিত জানে নিজের সীমাবদ্ধতা। নেতৃত্বের দিক থেকে ভারতকে বহু সম্মান এনে দিয়েছে। আমার মতে, সাম্প্রতিকালের মধ্যে রোহিতই সেরা অধিনায়ক।’’
শুধু তাই নয়, রোহিতকে স্বতন্ত্র ব্যাটার ও ক্রিকেটার হিসেবেও উল্লেখ করেছেন কপিল। ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার বলেছেন, ‘‘রোহিত চায় না কোহলির মতো খেলতে। রোহিত এমন একটা ছাপ রেখেছে ভারতীয় ক্রিকেটে, সেটাই ওর স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে। তাই নিজের দিনে রোহিতের মতো ভাল কেউ নয়।’’
কপিল জানান, ‘‘আমার মতে রোহিত যা করেছে অধিনায়ক হিসেবে, তাতে সেরার সেরা। কিছুদিন আগেই ওর নেতৃত্বে ভারত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আবার টি ২০ ক্রিকেটে টানা সাতটি ম্যাচে জিতেছে।’’
চলতি মেগা আসরে রোহিত একেবারেই ছন্দে ছিলেন না। কিন্তু গত ম্যাচে যেভাবে ৯২ রান করেছে, তাতেই ভারত ম্যাচ জিতে সেমিফাইনালে স্থান করে নিয়েছে। ওই ম্যাচে রোহিত আরও একবার বুঝিয়েছেন, ছন্দে থাকলে তাঁর মতো ব্যাটার পাওয়া সত্যিই দুর্লভ ব্যাপার।
কপিল এমন একটা দিনে এমন কথা বলেছেন, যেদিন আবার অন্য ক্রীড়া সংস্থার সভাপতি নিযুক্ত হয়েছেন। গলফ ট্যুর অব ইন্ডিয়ার সভাপতি হয়েছেন কপিল। তিনি এই পদে নিযুক্ত হয়ে জানিয়েছেন, ‘‘আমি দেশের কাছে একজন ক্রিকেটার হিসেবে পরিচিত। তবে আমার দ্বিতীয় ভালবাসা গলফও। আমি দীর্ঘদিন ধরে গলফ খেলছি, পেশাদার গলফার হিসেবে সুনামও কুড়িয়েছি।’’