
শেষ আপডেট: 9 November 2022 09:27
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে (Rohit Sharma Confirms Wicket keeper)। বিশেষত, উইকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিক না ঋষভ পন্থ, কে খেলবেন সেমিফাইনালে (Semifinal) সেটা নিয়েই চর্চা চলছে। শেষ চারের লড়াইয়ে নামার আগে সাংবাদিক সম্মেলনে (Press Meet) এসে এই বিষয়ে কিছুটা রহস্যই রেখে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
গ্রুপ পর্বের চারটি ম্যাচে সুযোগ পেয়েছেন কার্তিক। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁর বদলে দলে জায়গা পান পন্থ। তবে দুই উইকেটরক্ষকেরই ব্যাটে রান নেই। এদিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, "আমার দলের প্রত্যেককেই যেকোনও সময় মাঠে নামার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে কাউকে হঠাৎ করে সেমিফাইনাল বা ফাইনালে নামানো ঠিক নয়। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলানো হয়েছে পন্থকে। যাতে সেমি বা ফাইনালে নামার জন্য প্রস্তুত থাকে।"
তাহলে কি কালকের ম্যাচে পন্থই প্রথম পছন্দ? রোহিত সে ব্যাপারে খোলসা না করলেও বললেন, "ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে তৈরি রাখতে চাইছিলাম। তবে আগামীকালের ম্যাচে দু'জনেই বিবেচনার মধ্যে রয়েছে। যে কেউ সুযোগ পেতে পারেন।"
উল্লেখ্য, বুধবার ভারতীয় শিবিরের অনুশীলন দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলতে শুরু করেছেন, পন্থই নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। কারণ এদিন নেটে বিরাটদের সঙ্গে পন্থকে বেশিক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেল। স্পিনার থেকে পেসার সকলেই বল করেন পন্থকে।
রোহিতের পর এবার অনুশীলনের সময় চোট পেলেন বিরাট, কেমন আছেন কোহলি