
রোহিত শর্মা
শেষ আপডেট: 16 April 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: দল বিদেশ সফরে গেছে। আর সেই দলের অধিনায়ক কোনও টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ছেন, এমনটা আকছার দেখা যায় না। বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন রোহিত শর্মার সিডনি টেস্ট থেকে বাদ পড়াটা তাই বিতর্কের ঝড় তুলেছিল। চায়ের কাপে উঠেছিল তুফান।
প্রশ্ন উঠেছিল ড্রেসিং রুমের ভাঙন নিয়েও। দল কি এককাট্টা হয়ে লড়ছে? অধিনায়ক আর কোচ কি খেলোয়াড় বাছাই নিয়ে ঐকমত্যে পৌঁছচ্ছেন? কোচ-নির্বাচক প্রধানের দ্বন্দ্বও কি ক্রমশ উস্কে উঠছে?
একটিমাত্র টেস্টে রোহিতের বাদ পড়াকে ঘিরে জমতে থাকে অজস্র জল্পনা। বিষয়টা এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে, ম্যাচ চলাকালীন বিরতির সময় মাইক হাতে সাফাই গেয়ে বসেন দলের অধিনায়ক। জানান, সকলে একই নৌকোয় রয়েছেন। টিম ইন্ডিয়ার সংসারে কোনও অন্তর্কলহ শুরু হয়নি।
দীর্ঘ তিন মাস বাদে সেই বিশেষ ঘটনার ভিন্নতর বয়ান হাজির করলেন স্বয়ং রোহিত। সম্প্রতি মাইকেল ক্লার্কের একটি পডকাস্টে অতিথির ভূমিকায় হাজির হন জাতীয় দলের অধিনায়ক। আর সেদিনের বাদ পড়া নিয়ে বলতে গিয়ে মন্তব্য করেন, ‘শেষ ম্যাচের আগে আমি ভাল খেলছিলাম না। রান পাচ্ছিলাম না। তাই নিজেকে বাদ দিতে চেয়েছিলাম। এই নিয়ে কোচ ও নির্বাচকের সঙ্গে কথাও বলি। তাঁরা একমত হননি৷ এই নিয়ে তাঁদের মধ্যে তর্ক-বিবাদও হয়।'
প্রসঙ্গত, রোহিতের বদলি হিসেবে শুভমান গিল সুযোগ পান। এই প্রসঙ্গে অধিনায়কের বক্তব্য, ‘আমরা গিলকে খেলাতে চেয়েছিলাম। ও সত্যি ভাল খেলোয়াড়৷ আগের টেস্টে বাদ পড়েছিল৷ তাই নিয়ে আমার কোনও অসুবিধে ছিল না। ভেবেছিলাম, যেহেতু আমি ফর্মে নেই, তাই এটা সঠিক সিদ্ধান্ত।’