
রোহিত শর্মা
শেষ আপডেট: 30 April 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর (England Series) শুরু হতে হাতে দু’মাস বাকি। তার আগে ৩৫ জনের প্রাথমিক দল বেছে নিল বিসিসিআই (BCCI)। খেলোয়াড়দের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও, সূত্রের খবর, রোহিত শর্মা (Rohit Sharma) সেই লিস্টে জায়গা পেয়েছেন। তাঁকে অধিনায়ক রেখেই ইংল্যান্ড বিজয়ের রাস্তা খুঁজতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
সাদা বলের ক্রিকেটে মোটামুটি খেললেও গত বছর থেকেই টেস্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে এসেছেন রোহিত। যার বে-আব্রু চেহারা ধরা পড়ে অস্ট্রেলিয়ায়। বর্ডার-গাভাসকার ট্রফিতে (BGT)। প্রথম টেস্টে নামেননি। শেষ টেস্ট থেকে বাদ দেওয়া হয়। মধ্যের তিন ম্যাচে ধরাশায়ী পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত। যার বড় মাশুল আগামী দিনে গুনতে হবে কি না, অর্থাৎ অধিনায়কত্বের তকমা কেড়ে নেওয়া হবে কি না, তাই নিয়েও গুঞ্জন শুরু হয়। যদিও যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে তাতে বেশ স্বস্তিই পাবেন মুম্বইকর।
সূত্র মারফত জানা গিয়েছে, ৩৫ জন ক্রিকেটার বাছাইয়ের পর তাঁদের দু’দফায় ভাগ করার পরিকল্পনা নিয়েছে বোর্ড। এক অংশের খেলোয়াড়দের এ-টিম এবং বাকিদের পাঁচ টেস্টের সিরিজের জন্য মনোনীত করা হবে। চূড়ান্ত তালিকায় কারা ঠাই পাবেন সেটা ঠিক হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। এর জন্য যাতায়াতের ব্যবস্থাপনাও সেরে ফেলেছে বিসিসিআই।
প্রশ্ন শুধু রোহিতকে ঘিরে নয়। পাঁচ ও ছয় নম্বরে কারা নামবেন সেটা নিয়েও একই রকম ধোঁয়াশা। অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ঠিক হয়েছে, দুই জায়গায় রজত পাটিদার ও করুণ নায়ারকে নিয়ে পরীক্ষা চালাতে চালানো হবে। দুজনেই ঘরোয়া ক্রিকেটে লাল বলে দীর্ঘদিন ধরে খেলছেন। ফর্মে রয়েছেন। রানও করছেন। তাই এ-টিমের হয়ে প্রথমে মাঠে নামবেন রজত ও করুণ। ভাল খেললে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জায়গা পাকা।
এই সূত্রে কপাল পুড়েছে অন্য দুজন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও অক্ষর প্যাটেলের (Axar Patel)। ওয়ান ডে-তে দলের স্তম্ভ হয়ে উঠলেও শ্রেয়স টেস্টে বারবার ব্যর্থ হচ্ছেন। এরই খেসারত দিয়ে গত বছর টিম থেকে বাদ পড়েন। একই ঘটনা অক্ষরের ক্ষেত্রেও। ৩৫ জনের লিস্টে দুই ক্রিকেটার জায়গা পাননি। চূড়ান্ত তালিকায় তাঁরা স্থান পান কি না, আপাতত নজর সেদিকে।