
শেষ আপডেট: 8 January 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের ব্যাপ্তি নিমেষে ঘরোয়া থেকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ভিভিয়ান রিচার্ডস যা কীর্তি গড়েছিলেন, সেটি ছুঁলেন রঞ্জি ট্রফিতে রিয়ান পরাগ। অসমের এই ব্যাটার সোমবার ছত্তিশগড়ের বিরুদ্ধে ৫৬ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন।
কিংবদন্তি ভিভ ৪০ বছর আগে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৫৬ বলেই সেঞ্চুরি করেছিলেন। শেষমেশ ৫৮ বলে ১১০ রান করে আউট হন। রিয়ান ওই একই বলে সেঞ্চুরি করে ক্যারিবিয়ান তারকার কীর্তি স্পর্শ করেছেন।
রিয়ান অবশ্য ঋষভ পন্থের গড়া রেকর্ড ভাঙতে পারেননি। ঝাড়খন্ডের হয়ে রঞ্জিতেই ২০১৬ সালে ঋষভ সেঞ্চুরি করেছিলেন ৪৮ বলে। সেটিই রঞ্জির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হিসেবে গন্য হয়ে থাকে। রিয়ান দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হিসেবে এই রেকর্ড গড়েছেন। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ৬৭ বলে ১৩৫ রান করেন উইকেটরক্ষক ব্যাটার।
রিয়ান ৮৭ বলে মোট করেছেন ১৫৫ রান, ইনিংসে রয়েছে ১১টি বাউন্ডারি ও ১২টি ছক্কা। রিয়ানের সেঞ্চুরিতেও কাজের কাজ কিছু হয়নি অসমের। তারা এই ম্যাচ হেরে যায় ছত্তিশগড়ের কাছে।
রিয়ান সম্প্রতি ফর্মে ছিলেন না। তাঁকে এবার আইপিএলে রাজস্থান রাখবে কিনা সংশয় ছিল। অবশেষে তাঁর এই দুরন্ত ইনিংসের পরে রিয়ানের ভাগ্য বদলাবে কিনা সেটি সময়ই বলবে।