
রিচার্ড কেটেলবোরো।
শেষ আপডেট: 28 June 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার টি ২০ বিশ্বকাপের ফাইনালেও আম্পায়ার রিচার্ড কেটেলবোরো থাকছেন। এই ইংলিশ আম্পায়ার যতবার ভারতের ম্যাচে পরিচালকের দায়িত্বে ছিলেন, সেই ম্যাচগুলিতেই হেরেছেন রোহিতরা। সাম্প্রতিককালের ম্যাচগুলির মধ্যে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল। যে খেলায় অস্ট্রেলিয়ার কাছে গো হারান হারে ভারত।
এবারও কেটেলবোরো থাকছেন শনিবারের ফাইনালে। তবে তিনি ফিল্ড আম্পায়ার নন, থাকবেন থার্ড আম্পায়ার হিসেবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দুই ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং ক্রিস গ্যাফনি।
তবুও আতঙ্ক থাকছেই। এমনিতেই খেলাতেও নানা কুসংস্কার রয়েছে। কেটেলবোরো এর আগে ভারতের মোট ছয়টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। সব ম্যাচেই হেরেছে ভারতীয় দল। কেটেলবোরো প্রতিবারই ছিলেন সেমিফাইনাল কিংবা ফাইনাল ম্যাচে। খেলা শেষে সর্বক্ষেত্রে হাসি উধাও ছিল ভারতীয় ক্রিকেটারদের।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীয় দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন বহুক্ষেত্রে। এই নিয়ে বিস্তর বিতর্কও হয়েছে। সেই ২০১৪ সালে টি ২০ বিশ্বকাপের ফাইনালেও হেরেছিল শ্রীলঙ্কার কাছে। তাই এবার মাঠে না থাকলেও আম্পায়ার বক্সে ব্রিটিশ আম্পায়ারের উপস্থিতি রোহিতদের চাপ বাড়াতে যথেষ্ট। এবার চতুর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন রডনি টাকার।