
শেষ আপডেট: 4 June 2024 00:13
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলকে বলা হয় সোনার হাঁস। সেখানে বিনোদন ফ্রাঞ্চাইজি লিগের পুরস্কার অর্থকেও ছাপিয়ে যেতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেগা আসর। ভারতীয় দল নামবে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে।
সোমবার ভারতীয় সময়ে রাতে আইসিসি এবারের পুরস্কার অর্থমূল্য ঘোষণা করেছে। মোট ৯৪ কোটি টাকা মোট অর্থমূল্য বিশ্বকাপের। এই মেগা আসরে দুধের শিশু কোনও দল অংশ নিলেই পাবে কোটি টাকার বেশি। মোট ২০ দলের টুর্নামেন্টে একেবারে শেষ ৮টি দলও পাবে দুই কোটি টাকা। এমনকী নয় থেকে ১২ নম্বর দলগুলি পাবে তিন কোটি টাকা। যে দলগুলি সেমিফাইনাল থেকে বিদায় নেবে, সেই দলগুলি পাবে প্রায় সাত কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে সাড়ে ২০ কোটি টাকা। রানার্স দলের ঝুলিতে থাকবে সাড়ে দশ কোটি টাকা।
আইপিএলেও এত অর্থ ছিল না। সেদিক থেকে এবারের টি ২০ বিশ্বকাপ রেকর্ড গড়তে চলেছে। আইপিএলে এবার চ্যাম্পিয়ন দল কেকেআর পেয়েছে ২০ কোটি টাকা। সেই অর্থ দলের সকলের মধ্যে ভাগ হয়েছে। তারপরেও সেই ক্রিকেটাররা পেয়েছেন বোর্ড এবং স্পনসরের থেকে অর্থ। রোহিতদের ক্ষেত্রেও তাই হবে। আইসিসি ট্রফিতে ভারত বহুদিন চ্যাম্পিয়ন হয়নি। এবার জিতলে কোহলিরা আইসিসি তো বটেই, ভারতীয় বোর্ড থেকেও দেদার অর্থ পাবেন।