
শেষ আপডেট: 27 April 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মাঠে একটা ম্যাচকে কেন্দ্র করে এত ছক্কা আগে দেখা যায়নি। যা হয়েছে শুক্রবার রাতে ইডেনে কলকাতা ও পাঞ্জাব কিংস ম্যাচে। কলকাতার ২৬১ রানের জবাবে কিংস দল ২৬২ রান করে ম্যাচ জিতে গিয়েছে। খেলার তখনও আট বল বাকি ছিল।
কলকাতার ইনিংসে মোট ছক্কা হয়েছিল ১৮টি। তারমধ্যে বিভাজন করলে দেখা যাবে ফিল সল্ট সর্বাধিক ছ’টি ওভার বাউন্ডারি মেরেছেন। পাশাপাশি নারিন মারেন চারটি, শ্রেয়স তিনটি ও রাসেল-ভেঙ্কটেশ দুটি করে ছয় মারেন।
কিংস পাঞ্জাবও পিছিয়ে ছিল না ছয় মারার ক্ষেত্রে। তাদের মোট ছয় হয়েছে ২৪টি, তারমধ্যে ম্যাচ জয়ের নায়ক জনি বেয়ারস্টো মারেন ন’টি ছয়। এমনকী সতীর্থ ব্যাটার শশাঙ্ক সিং মোট ৮টি ছয় মেরেছেন। বাকি ব্যাটারদের মধ্যে প্রভুসিমরণ সিং পাঁচটি ও রিলে রোসে ২টি ওভার বাউন্ডারি মারেন।
শুক্রবার ইডেনের ম্যাচে মোট ৪২টি ছয় হয়েছে। যা কোনও ক্রিকেট ম্যাচে ঘটেনি। একটা ম্যাচে ছয় থেকেই এসেছে মোট ২৫২ রান। দুটি দলের মোট রান ৫২৩। চলতি আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্স ও হায়দরাবাদের মধ্যে ম্যাচে মোট ছয় হয়েছিল ৩৮টি। সেই রেকর্ডও টপকে গেল এই ম্যাচ।
ইডেন গার্ডেন্সে টি ২০ ক্রিকেটে রান তাড়া করার দিল থেকেও নজির হয়েছে। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের স্কোর তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। একই বছর কাউন্টি ক্রিকেটে সারের বিপক্ষে ২৫৩ রান তাড়া করে জিতেছিল মিডলসেক্স।
আইপিএলে এতদিন সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ২২৪ রানের। রাজস্থান রয়্যালসই কয়েকদিন আগে কেকেআরের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল। এবার সেই কেকেআরের বিপক্ষেই সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব।