
শেষ আপডেট: 1 January 2024 16:09
দ্য ওয়াল ব্যুরো: রিয়াল কাশ্মীর দলের মালিক সন্দীপ ছাট্টু প্রয়াত মাত্র ৫৭ বছর বয়সেই। তিনি ছিলেন নামী শিল্পপতি, কাশ্মীর ও দিল্লিতে তাঁর প্রোমোটিংয়ের ব্যবসা ছিল। পাশাপাশি তাঁর ছিল একটি পাঁচতারা হোটেলও।
কাশ্মীরের অশান্ত উপত্যকায় ফুটবলকে ফের ফিরিয়ে আনার ক্ষেত্রে ওই কর্তার অবদান ছিল সিংহভাগ। তিনি রিয়াল কাশ্মীর দলের পরিকাঠামো সাজিয়ে দিয়েছিলেন। এই দলের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন সুদর্শন এই কর্তা।
সন্দীপের মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কাশ্মীর থেকে ব্যবসার কাজেই চলে এসেছিলেন দিল্লিতে। হোটেলের ঘরেই তাঁর বুকে ব্যথা হয়। সন্দীপকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের হাসপাতালে। নিয়ে যেতেই এই নামী কর্তা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সন্দীপ রেখে গেলেন মা, স্ত্রী ও দুই সন্তানকে।
সন্দীপের মৃত্যুর খবর দলের পক্ষ থেকে প্রকাশ করেছেন জেনারেল ম্যানেজার উমর ফারুখ। ২০১৪ সালে রিয়াল কাশ্মীর দলের জন্ম হয়েছিল সন্দীপের হাত ধরেই। তিনি কল্যাণী স্টেডিয়ামে একাধিকবার কাশ্মীর দল নিয়ে হাজির ছিলেন। তিনি বক্তা হিসেবে সুবিদিত ছিলেন, মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে নিত্য যোগাযোগ ছিল।
Feels so unreal to hear Real Kashmir FC owner Sandeep Chatoos’ untimely demise today.
— Kalyan Chaubey (@kalyanchaubey) December 31, 2023
A great lover of the sport, Sandeep has left a long lasting impact on football in Kashmir.
I pray for his soul & offer my deepest condolences to his family.
ॐ शांति pic.twitter.com/wXjstcyEe6
সন্দীপের প্রয়াণে দলের হাল কে ধরবেন, সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। তিনি আই লিগে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন বিদেশি কোচ স্কটল্যান্ডের ডেভিড রবার্টসনকে নিয়োগ করে। চলতি আই লিগে ২০ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল কাশ্মীর দ্বিতীয় স্থানে রয়েছে।