
শেষ আপডেট: 19 April 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে সাত ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বেঙ্গালুরু। তারা কবে জয় ফিরবে কেউ জানে না। রবিবার তার মধ্যে কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেনে নামছেন ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা।
ভাগ্য বদলাতে ওই ম্যাচে তাঁদের পরনে থাকবে সবুজ জার্সি। ২০১১ সাল থেকে আরসিবি সেভ দ্য গ্রিন অর্থাৎ সবুজ বাঁচাও, এই বার্তাকে সামনে রেখে আইপিএলের একটা ম্যাচ সবুজ জার্সি পরে খেলেন। কিন্তু সেই ম্যাচটা তারা খেলেন ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এবারই প্রথম বেঙ্গালুরু দল সবুজ জার্সি পরে মাঠে নামবে ইডেনে। এই ম্যাচে দল জয়ে ফেরে কিনা তার দিকে চেয়ে আছেন কোহলি প্রেমীরা। বিরাট নিজে দারুণ ফর্মে থাকলেও দল টানা হারছে। এবার আরও হতাশার পারফরম্যান্স। মাত্র একটি ম্যাচে জিতেছে।
ইডেনেও বেঙ্গালুরু দলের রেকর্ড ভাল নয়। এই মাঠেই মাত্র ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছিল বেঙ্গালুরু। সেই স্মৃতি দগদগে হয়ে রয়েছে। কোহলির কাছে অবশ্য ইডেন বারবার রানের ঝুলি উপুড় করে দিয়েছে।
এবারও কোহলির লড়াই শুধু কলকাতা দলের বিরুদ্ধে নয়, আরও সঠিক করে বললে, গৌতম গম্ভীরের সঙ্গেও। বেঙ্গালুরুর মাঠে গম্ভীরের সঙ্গে কোহলির হাত মেলানোর ছবি টাটকা। তবুও দুজনেই মেজাজি তারকা। কোহলি চাইবেন আবারও তাঁর সেরা ঝলক দেখাতে। গম্ভীর চাইবেন মেন্টর হিসেবে বিরাটের সামনে কলকাতার বড় জয়।
শুক্রবার বেঙ্গালুরু দলের তরফে কোহলিদের সবুজ জার্সি পরা ছবি পোস্ট করে লেখা হয়েছে। দেখা যাক সবুজ জার্সি বেঙ্গালুরুর ভাগ্য বদলাতে পারে কিনা।