২৯ মে মুখোমুখি হবে বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব (PBKS)। যে জিতবে সে উঠে যাবে আইপিএল ২০২৫-এর (IPL 2025) ফাইনালে।

নবাবদের হারিয়ে প্রথম দুইয়ে বেঙ্গালুরু
শেষ আপডেট: 28 May 2025 00:13
দ্য ওয়াল ব্যুরো: ২৯ মে মুখোমুখি হবে বেঙ্গালুরু (RCB) ও পাঞ্জাব (PBKS)। যে জিতবে সে উঠে যাবে আইপিএল ২০২৫-এর (IPL 2025) ফাইনালে। মঙ্গলবার আরসিবি হারিয়ে দিল এলএসজিকে (LSG) , আর তার ফলেই নির্ধারিত হয়ে গেল শীর্ষ দুই দল। এই দুই দল হল পাঞ্জাব ও বেঙ্গালুরু।
ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের সদ্য সহ অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার তাকে লখনউ ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। কিন্তু গোটা মরশুম জুড়ে ফর্ম খুঁজে বেরিয়েছিলেন তিনি। অবশেষে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ফর্ম ফিরে পেলেন। তাতে অবশ্য কাজের কাজ হলো না প্লে অফ থেকে আগেই ছিটকে যাওয়া নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুর কাছে হেরে গেল ছয় উইকেটে।
পন্থ এদিন সেঞ্চুরি করেছেন। কিন্তু রেকর্ড বলছে পন্থের সেঞ্চুরি মানেই তাঁর দলের হার। এদিনও তাই হল। যে মঞ্চে ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার নায়ক হতে পারতেন, সেখানে বেঙ্গালুরুকে ম্যাচ জিতিয়ে মহানায়ক হয়ে উঠলেন জীতেশ শর্মা (Jitesh Sharma)। আটটি ছক্কা ও ছয়টি চার হাঁকিয়ে তিনি করলেন ৩৩ বলে ৮৫ রান। আর সেখানেই জয়ের স্বপ্ন শেষ লখনউয়ের।
এদিন দুরন্ত শতরান হাঁকালেন ঋষভ পন্থ। আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন মিচেল মার্শও। ৩৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ২২৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। পন্থ ৬১ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন।
জবাবে বিরাট কোহলি ৩০ বলে ৫৪ করেন। মায়াঙ্ক আগরওয়াল (২৩ বলে ৪১) ও জিতেশ শর্মা (৩৩ বলে ৮৫) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে আরসিবি। এই জয়ের ফলে কোয়ালিফায়ার খেলবে তারা পঞ্জাবের বিরুদ্ধে। এলিমিনেটরে মুখোমুখি গুজরাট-মুম্বই।