
শেষ আপডেট: 16 February 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে অনিল কুম্বলে টেস্টে ৫০০ উইকেট নিয়েছেন। কুম্বলের মোট টেস্টে উইকেট সংখ্যা ৬১৯।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করার সঙ্গে অশ্বিন এই রেকর্ড গড়লেন। অশ্বিনের বলে ক্যাচ নেন রজত পাতিদার।
দেশের মাঠে টেস্টে ভারতের এই নামী স্পিনারের উইকেট সংখ্যা ৩৪৬টি। আর মাত্র চারটি উইকেট নিলে কুম্বলের দেশের মাঠে সাড়ে তিনশ উইকেট নেওয়ার নজিরও স্পর্শ করবেন। মোট ৯৮টি টেস্টে ৫০০ উইকেট পেলেন চেন্নাইয়ের স্পিনার।
এদিকে রাজকোটের ম্যাচে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৪৫ রানে শেষ হয়েছে। রোহিত (১৩১) ও জাদেজা (১১২) আউট হওয়ার পরে সরফরাজ খান ৬২ রান করেন। এদিন সকালে জাদেজা ফিরে যাওয়ার পরে ভারতের হয়ে ভাল খেলেন ধ্রুব জুরেল (৪৬), অশ্বিন (৩৭) ও বুমরা ( ২৭)।
ইংল্যান্ড বড় ব্যবধানে পিছিয়ে থেকে খেলতে নেমে দিনের শেষে করেছে ২০৭/২। বেন ডাকেট ১৩৩ রানে অপরাজিত রয়েছেন। এই ব্রিটিশ তারকা দুরন্ত ইনিংস খেলেন ভারতের পেস ও স্পিন বোলিং সামলে। ১১৮ বলের ইনিংসে আছে ২১টি চার ও দুটি ছয়। ক্রিজে তাঁর সঙ্গী জো রুট (৯)।
প্রথম ১৩ ওভারে একটা উইকেট পড়ার পরে ব্রেক থ্রু করেন মহম্মদ সিরাজ। তিনি ফেরান ওলি পোপকে। রাজকোটের পিচ যা হয়েছে তাতে পেস ও স্পিন দুটোই কাজ করছে। তাই শনিবার সকালে ভারতের বোলাররা দ্রুত উইকেট ফেলতে পারলে খেলার রাশ রোহিতের ভারতের হাতে চলে আসবে।