
শেষ আপডেট: 11 March 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় দিল্লির রাস্তায় ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিতে প্রধান বিদ্রোহের মুখ ছিলেন বজরং পুনিয়ারা। সেইসময় কুস্তি নিয়ে তুমুল অচলাবস্থা চলছে। ন্যায়বিচারের আশায় দিল্লির রাস্তায় ধর্নায় বসেছিলেন বজরং, সাক্ষী মালিকরা। এমনকী পদ্মশ্রী সম্মানও ফিরিয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে অলিম্পিক্সের প্রস্তুতিতে ফাঁক থেকে গিয়েছিল, সেটি তাঁরা বুঝতে পারেননি।
প্যারিস অলিম্পিক্সের তিন মাস আগে বড় ধাক্কা খেতে হল ভারতীয় দলকে। অলিম্পিক্সের যোগ্যতামান পেরতে পারলেন না ওই দুই তারকা কুস্তিগির। অলিম্পিক্সের বাছাইপর্বের জন্য আয়োজিত জাতীয় নির্বাচন ট্রায়ালে হেরে গিয়েছেন বজরং ও রবি।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং ৬৫ কেজি ফ্রিস্টাইল ওজন বিভাগে সেমিফাইনালে রোহিত কুমারের কাছে হেরে গিয়েছেন। সেমিফাইনালে পুনিয়াকে ৯-১ সেটে হারান রোহিত।
অপরদিকে, রবি দাহিয়া গত অলিম্পিক্সে ৫৭ কেজি বিভাগে রূপোর পদক জিতেছিলেন। এদিনের ম্যাচে দ্বিতীয় রাউন্ডে তিনি আমান সেহরাওয়াতের কাছে হার মানেন। এমনকী অনূর্ধ্ব ২০ এশীয় চ্যাম্পিয়ন উদিতের বিরুদ্ধেও ১০-৮ ব্যবধানে হারতেই সব আশা শেষ হয়ে গিয়েছে।
এই হতাশাজনক ফলের পরে মেজাজ হারিয়েছেন বজরং। তিনি ডোপ টেস্টের জন্য অপেক্ষা করে দ্রুত রিং ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এই নিয়েও বিতর্ক হতে পারে। তবে তিনি যেহেতু হেরে গিয়েছেন, তাই এই নিয়ে বেশিদূর পরিস্থিতি যাবে বলে মনে হয় না।