
যুবরাজ সিং এবং রণবীর আল্লাবাদিয়া
শেষ আপডেট: 14 February 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে রণবীর আল্লাবাদিয়াকে নিয়ে বিতর্কের যে ঝড় উঠতে শুরু করেছে, সেটা আপাতত থামার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি তিনি 'ইন্ডিয়া গট লেটেন্ট' নামে একটি কমেডি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে তিনি বাবা-মা'য়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তুলকালাম শুরু হয়েছে।
সময় রায়নার এই অনুষ্ঠানে বিতর্কের পর টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি ইনস্টাগ্রামে রণবীরকে আনফলো করে দিয়েছেন। শোনা যাচ্ছে, রণবীরের পডকাস্ট শো'য়ে কিং কোহলির নাকি আসার কথা ছিল। সেটাও তিনি বাতিল করেছেন। বিরাটের দেখানো পথে এবার হাঁটলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও। তিনিও নাকি রণবীর আল্লাবাদিয়াকে আনফলো করে দিয়েছেন।
প্রসঙ্গত, যুবরাজ ইতিপূর্বে রণবীর আল্লাবাদিয়ার 'বিয়ার বাইশেপস' পডকাস্ট শো'য়ে এসেছিলেন। সেখানে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যুবি স্পষ্ট জানিয়ে দেন যে ধোনি তাঁর অন্তরঙ্গ বন্ধু নন। শুধুমাত্র ক্রিকেট মাঠেই তাঁদের বন্ধুত্ব সীমাবদ্ধ। বিষয়টা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের হয়ে যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনি বহু যুদ্ধের সাক্ষী হয়েছেন। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০১১ ওয়ানডে বিশ্বকাপও তাঁরা একসঙ্গে জিতেছেন। ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের হাতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাবও দেওয়া হয়েছিল।